লুই কানের ‘মাস্টার প্ল্যান’ দেখতে চায় আদালত
জাতীয় সংসদ ভবন এলাকা নিয়ে স্থপতি লুই আই কান যে মহাপরিকল্পনাটি করেছিলেন, তা আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
আগামী তিন মাসের মধ্যে এই ‘মাস্টার প্ল্যান’ সংসদ সচিবালয়ের সচিবকে আদালতে দাখিল করতে বলা হয়েছে।
এ বিষয়ে হাই কোর্টের এক রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানিতে প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ বুধবার এই আদেশ দেয়।
এস্তোনিয়ায় জন্মগ্রহণকারী মার্কিন স্থপতি লুই কান ১৯৬২ সালে ঢাকায় জাতীয় সংসদ ভবন কমপ্লেক্স ও আশপাশের এলাকা নিয়ে যে নকশা করেছিলেন, সেটি এখন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে আছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এই নকশা সরকারের হাতে না থাকায় সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তরের একটি প্রস্তাব ইতোমধ্যে ঝুলে গেছে ।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।
আদেশের পর মুরাদ রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্ট ২০০৪ সালে রায়ে ঘোষণা করেন, স্পিকার ও ডেপুটি স্পিকারের জন্য যে দুটি ভবন বানানো হয়েছিল, সেগুলো অবৈধভাবে বানানো হয়েছিল, যা লুই আই কানের নকশা বহির্ভূত।
“আপিল শুনানিতে বলি, লুই আই কানের মাস্টারপ্ল্যানটি এখন পর্যন্ত আদালতে আসেনি, হাই কোর্টের সামনেও ছিল না। সেই মাস্টারপ্ল্যান না দেখে হাই কোর্ট কিভাবে বলল, স্পিকার ও ডেপুটি স্পিকারের জন্য বানানো বাড়িটি লুই আই কানের নকশা বহির্ভূত এলাকায় বানোনো হয়েছে। অতএব ওই মাস্টারপ্ল্যানটি দেখা প্রয়োজন।..এও বলি প্রধানমন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে এই মাস্টারপ্ল্যানটি সংগ্রহের চেষ্টা চালাচ্ছে।
“আদালত সংসদ সচিবালয়কে হুকুম দিয়েছেন যে, জাতীয় সংসদ ভবন কমপ্লেক্স নিয়ে লুই আই কানের ওই মাস্টার প্ল্যানটি আগামী তিন মাসের মধ্যে যাতে সংগ্রহ করা হয় এবং আদালতে দাখিল করা হয়।’
সংসদ ভবন এলাকায় স্পিকার এবং ডেপুটি স্পিকারের আবাসিক ভবন নির্মাণের বৈধতা নিয়ে ২০০৩ সালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ একটি রিট করে।
এতে দাবি করা হয়, মূল নকশা লংঘন করে জাতীয় সংসদ এলাকায় এসব ভবন নির্মাণ করা হচ্ছে।
প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুলসহ নির্মাণ কাজে স্থগিতাদেশ দেয়। পরবর্তীতে হাই কোর্টের দেওয়া স্থগিতাদেশ আপিল আদালতে স্থগিত হয়।
এর আগে ২০০২ সালে স্পিকার ও ডেপুটি স্পিকারের ভবন নির্মাণের প্রক্রিয়া শুরু হয়।
রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে ২০০৪ সালের ২১ জুন হাই কোর্ট ওই সব ভবন অবৈধ ঘোষণার পাশাপাশি নির্দেশনাসহ রায় দেয়।
রায়ে সংসদ ভবন এলাকা ‘ন্যাশনাল হেরিটেজ’ সাইট ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়। অপর নির্দেশনায় ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ হিসেবে গণ্য করার জন্য ইউনেস্কোর কাছে আবেদন করতেও বলা হয়।
হাই কোর্টের এই রায় স্থগিতে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে তা স্থগিত হয়ে যায়। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ নিয়মিত লিভ টু আপিল করে। একই বছরের ১০ নভেম্বর তা মঞ্জুর করে আপিল বিভাগ।
এরই ধারাবাহিকতায় রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর মঙ্গলবার শুনানি শুরু হয়।
রিট আবেদনকারীদের আইনজীবী ব্যারিস্টার তানজিব-উল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্ট যখন স্থগিতাদেশ দিয়েছিল, তখন এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার পরে তা স্থগিতের পর রিট আবেদন চলাকালীন সময়ে ওই দুটি স্থাপনা তৈরি করা হয়।”
সহকারী অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জানান, হাই কোর্টের দেওয়া রায়ে স্থগিতাদেশ চলমান রয়েছে।
জাতীয় সংসদ ভবনের চারপাশে নিরাপত্তা বেষ্টনী নির্মাণ নিয়ে সমালোচনার প্রেক্ষিতে গতবছর ওই নকশা আনার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেজন্য স্থাপত্য অধিদপ্তর লুই কানের প্রতিষ্ঠান ডেভিড অ্যান্ড উইজডমের সঙ্গে যোগাযোগও করেছিল সরকার।
কিন্তু মূল নকশা আনতে কত টাকা লাগবে সেই হিসাব করতেই এক বছরের বেশি সময় পার করে দিয়েছে সংসদ সচিবালয় ও স্থাপত্য অধিদপ্তর।
