২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর-পূর্ব ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশ ঘনিষ্ট সম্পর্ক তৈরি করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেষ্ঠ্য প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 03:08 PM

Updated : 11 Jan 2024, 11:00 PM

বাংলাদেশের জন্য ‘গুরুত্বপূর্ণ’ এসব রাজ্যের সঙ্গে শিগগিরই কূটনৈতিক যোগাযোগ আরো জোরদার করার কথাও বলেছেন তিনি।

সম্প্রতি ঢাকায় এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের এক সেমিনারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলোচনায় এসব কথা উঠে আসে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ভারতের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ট সম্পর্ক তৈরির সাধারণ রূপরেখার আওতায় আমাদের সীমান্ত লাগোয়া রাজ্যগুলোর সঙ্গেও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি করতে চাই।

“ওই রাজ্যগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আমাদের জন্য প্রয়োজনীয় সম্পদ সেখানে আছে। তাছাড়া অন্য দেশের সঙ্গে যোগাযোগেও এসব রাজ্যের সহায়তা নেওয়া যাবে।”

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পশ্চিমবঙ্গ ও এর আশপাশের রাজ্য ত্রিপুরা, আসাম ও মেঘালয়ের সহযোগিতার কথা স্মরণ করেন মাহমুদ আলী।

“আমাদের ক্রান্তিকালে পাশে দাঁড়ানোর জন্য এই রাজ্যগুলোর জনগণের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। দুই অঞ্চলের জনগণের মধ্যে আত্মিক যোগাযোগের ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক নির্মাণ করা উচিৎ।”

এ সব রাজ্যে অর্থনৈতিক উন্নয়ন ঘটলে বাংলাদেশও তা থেকে সুবিধা পাবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “হাইড্রলিক শক্তি ব্যবহার করে ওইসব রাজ্যে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর চিন্তা শুরু হলে আমরা সেখান থেকে বিদ্যুৎ আমদানির কথা ভাবি।

এসব রাজ্যের জনগণের ক্রয়ক্ষমতা বাড়লে সেখানে বাংলাদেশের মানসম্মত পণ্য রপ্তানি বাড়বে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী।

“ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের মানসম্মত ইলেকট্রনিক পণ্য, মটরসাইকেল, টেক্সটাইল পণ্য ও অন্যান্য ভোগ্যপণ্য তারা তুলনামূলক কম দামে কিনতে পারবে। ”

সীমান্তের রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বাড়াতে ‘বর্ডার হাট’ ভূমিকা রাখছে বলে জানান মাহমুদ আলী।

“দুই অঞ্চল থেকেই বর্ডার হাটের সংখ্যার পাশাপাশি পণ্য ও ব্যবসার আওতা বাড়ানোর চাপ রয়েছে।”

এই রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াতে বাংলাদেশ জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে তিন বলেন, “আর তাতে কেবল ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাত বিকশিত হবে না, উত্তর-পূর্ব ভারতের মাধ্যমে দুই অঞ্চলের সংযোগও বাড়বে।”

পররাষ্ট্রমন্ত্রী জানান, আসামের গুয়াহাটিতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশন কার্যালয় স্থাপনের প্রক্রিয়া চলছে।

“আগরতলায় আমাদের ভিসা অফিসকে অ্যাসিস্ট্যান্ট হাই-কমিশন অফিস বানানোর কাজও এগিয়ে চলছে।”

ত্রিপুরার বামপন্থী সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের ঘনিষ্ঠ সম্পর্কের কথাও এসময় স্মরণ করেন মাহমুদ আলী।

পুরনো খবর:

উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাণিজ্যের সুযোগ ‘অবারিত’: পররাষ্ট্রমন্ত্রী