উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাণিজ্যের সুযোগ ‘অবারিত’: পররাষ্ট্রমন্ত্রী
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিপুল প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে দুই দেশই অর্থনৈতিক ক্ষেত্রে সমানভাবে লাভবান হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
শুক্রবার রাজধানীতে বাংলাদেশ ও উত্তর-পূর্ব ভারতের পারস্পরিক স্বার্থ ও সম্ভাবনা নিয়ে আয়োজিত এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
“ভৌগলিক নৈকট্যের কারণে এ সুযোগ নিতে আমরা সর্বোচ্চ সুবিধাজনক অবস্থায় আছি। বাংলাদেশ তাদের প্রাকৃতিক সম্পদ ও কাঁচামাল আমদানি করে মূল্য সংযোজন করে ভারত ও অন্য দেশে পুনঃরপ্তানি করতে পারে।
“এটা এখন ঘটছে, তবে আরও বড় আকারে হওয়া দরকার। এই অঞ্চলে বিভিন্ন সম্ভাবনাময় খাতে আরও বিনিয়োগের বিষয়ে দুই দেশের ব্যবসায়ী গোষ্ঠী চিন্তা-ভাবনা করতে পারে। এটা আমাদের সবার জন্য ‘সমান-সমান’ পরিস্থিতি হবে।”
মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাদের বর্বরতার মুখে দেশ ছেড়ে যাওয়া বাঙালিদের উত্তর-পূর্বাঞলে আশ্রয় পাওয়ার কথা স্মরণ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঐতিহাসিক সম্পর্ক বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।
উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে সস্তায় বেশি পরিমাণে মানসম্পন্ন পণ্য সেবার প্রস্তাব দেন তিনি।
“ধরুন, আমরা বিশ্ব মানের ইলেক্ট্রনিক জিনিসপত্র, গৃহস্থালি উপকরণ, মটরসাইকেল ও অন্যান্য ভোগ্যপণ্য তৈরি করছি, যেগুলো উত্তর-পূর্বাঞ্চলের মানুষরা প্রতিযোগিতামূলক দামে কিনতে পারেন।
“পানি, বিদ্যুৎ ও যোগাযোগ খাতে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা চলছে।”
ভারতের নুমালিগর রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুর হয়ে বাংলাদেশে ডিজেল আসবে বলে তিনি জানান।
“ভারতের উত্তর-পূর্ব অংশের সঙ্গে হাইড্রো পাওয়ার প্রজেক্টে যৌথ বিনিয়োগ এবং বিদ্যুৎ আমদানি/বিনিময়ের সম্ভাব্যতা দেখা হচ্ছে।”
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ইতিমধ্যে ঢাকা-শিলং-গুয়াহাটি ও কলকাতা-ঢাকা-আগরতলা বাস সার্ভিস চালু হয়েছে। বিবিআইএন মটরভেহিকল চুক্তির আওতায় শিগগির বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটানের মধ্যে বাস ও কার্গো সার্ভিস চালু হবে।
“এটি এ অঞ্চলের জনগণের মধ্যে জনগণের যোগাযোগ এবং বাণিজ্য প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি বলেন, ভারতের উত্তর-পূর্বাঞলের এই অংশের সঙ্গে যোগাযোগের উন্নয়নে নতুন সড়ক ও রেলপথ সংযোগ স্থাপন করা হচ্ছে।
এই অঞ্চলে বাংলাদেশ কূটনৈতিক উপস্থিতি বাড়াতে শিগগির আগরতলা ভিসা কার্যালয়ে একজন সহকারী হাইকমিশনার যোগ দেবেন বলে জানান তিনি।
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির আয়োজনে দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়াটিক সোসাইটির সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী।
এতে বক্তব্য রাখেন সেমিনারের সঞ্চালক অধ্যাপক আকমল হোসেন ও সোসাইটির সাধারণ সম্পাদক আহমেদ।
