১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

জিমিকে নিয়েই এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দল

জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসের দলে জায়গা না পাওয়া চার জন ফিরেছেন দলে।

জিমিকে নিয়েই এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দল

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Oct 2026, 08:24 PM

Updated : 12 Oct 2026, 08:24 PM

অভিজ্ঞ ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমিকে নিয়ে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির দল দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। সবশেষ আইচি-নাগোয়া এশিয়ান গেমসের দলে জায়গা না পাওয়া চার জনকে ফিরিয়েছেন কোচ পিটার গেরহার্ড।

ভারতের জলন্ধর ও মোহালিতে আগামী ২৭ অক্টোবর শুরু হবে এবারের এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি, চলবে ৫ নভেম্বর পর্যন্ত। ৬ দলের এই টুর্নামেন্ট সামনে রেখে সোমবার ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)।

দলে নতুন মুখ তৈয়ব আলী, মো. আব্দুল্লাহ ও তানভীর রহমান। এদের মধ্যে তৈয়ব ও আব্দুল্লাহ সর্বশেষ গত মাসে চীনে জুনিয়র এশিয়া কাপে খেলেছেন আর তানভীর খেলেছেন ২০২৫ সালে ভারতে জুনিয়র বিশ্বকাপে।

মেহরাব হাসান, নুরুজ্জামান নয়ন, আবেদ উদ্দিন ও নাহিয়ান শুভ- এই চারজনকে ফেরানো হয়েছে। জাপানের অনুষ্ঠিত এশিয়ান গেমসের দলে ছিলেন না তারা।

এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিকে প্রথম ও সবশেষ ২০২১ সালে খেলেছিল বাংলাদেশ। সেবার চার ম্যাচ খেলে চারটিতেই হেরে বিদায় নিয়েছিল প্রিলিমিনারি রাউন্ড থেকে। সব মিলিয়ে হয়েছিল পঞ্চম।

এবারের আসরে বাংলাদেশ ছাড়া স্বাগতিক ভারত, মালয়েশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও চীন অংশ নিচ্ছে। ভারত প্রতিযোগিতাটির রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন।

সবশেষ এশিয়ান গেমসেও ভালো করতে পারেনি বাংলাদেশ। সপ্তম হয়ে আসর শেষ করেন জিমি-আমিরুলরা।

২৬ জনের প্রাথমিক দল: বিপ্লব কুজুর, আশরাফুল হক সাদ, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করিম বাবু, মেহরাব হাসান সামিন, ওবায়দুল হোসেন জয়, খালেদ মাহমুদ রাকিন, পুষ্কর খিসা মিমো, রকিবুল হাসান, মাহবুব হোসেন, আশরাফুল ইসলাম, ফরহাদ আহমেদ, রোমান সরকার, নুরুজ্জামান নয়ন, রাসেল মাহমুদ জিমি, সোহানুর রহমান, আবেদ উদ্দিন, তৈয়ব আলী, তানভীর রহমান সিয়াম, মো. আব্দুল্লাহ, মাহমুদ হাসান, নাহিয়ান শুভ, আরশাদ হোসেন, শহিদুর রহমান ও দ্বীন ইসলাম ইমন।