২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলিটারি পুলিশকে ছুরিকাঘাত: কিছুই ‘জানে না’ পুলিশ

ঢাকার কচুক্ষেতে সেনানিবাস সংলগ্ন সড়কে তল্লাশি চৌকিতে মিলিটারি পুলিশকে ছুরিকাঘাতের ঘটনায় পর দুদিনেও কোনো মামলা হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 10:44 PM

Updated : 22 Aug 2022, 01:52 PM

আটক ব্যক্তিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর বাইরে আর কিছু বলতে পারেননি পুলিশ কর্মকর্তারাও।

গ্রেপ্তার ব্যক্তির নাম জানতে চাইলে তাও বলতে পারেননি জানতে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মো. কাইয়ুমুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় তিনি বলেন, “একজনকে ৫৪ ধারায় আটক করে আদালতে পাঠানো হয়েছে।”

সেনানিবাস লাগোয়া ওই সড়কটি কাফরুল থানা এলাকার মধ্যে পড়েছে। এই থানাটি ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের অন্তর্ভুক্ত।

কাফরুল থানায় বৃহস্পতিবার সন্ধ্যায় দায়িত্বরত কর্মকর্তা এসআই মো. শফিউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “থানায় কোনো মামলা হয়নি। কে ওই হামলা চালিয়েছিল তাও পুলিশের এখনও জানা নেই।”

ডিএমপির উপকমিশনার মুনতাসিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও আর কোনো তথ্য মেলেনি। কাফরুলের ওসি শামীম হাসানকে টেলিফোন করা হলে তিনি ‘মিটিংয়ে আছেন’ বলে কলটি কেটে দেন।

গত এক মাসে গাবতলী ও আশুলিয়ায় দুই পুলিশ সদস্যকে ছুরি মেরে ও কুপিয়ে হত্যার পর দেশজুড়ে আলোচনার মধ্যেই মঙ্গলবার সেনানিবাস এলাকায় মিলিটারি পুলিশের উপর হামলা হয়।

আহত ল্যান্স করপোরাল সামিদুল ইসলামকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে বলা হয়, ‘একজন পথচারী পেছন থেকে ধারালো অস্ত্রের মাধ্যমে’ এই হামলা চালায়।

“কর্তব্যরত অন্য সামরিক সদস্যগণ সন্দেহভাজন একজন হামলাকারীকে আটক করেছেন। বিস্তারিত জানার জন্য ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে,” বলা হয় বিজ্ঞপ্তিতে।

তবে গ্রেপ্তার ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেনি আইএসপিআর।

তবে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে যে চিত্র গণমাধ্যমে এসেছে, একটি রিকশা কচুক্ষেত থেকে ক্যান্টনমেন্টে ঢোকার সময় চেকপোস্টে দায়িত্বরত সামিদুল বাহনটি থামান এবং রিকশার হাওয়া ছেড়ে দেন। এর পরপরই পেছন থেকে এক যুবক এসে দা বা চাপাতির মতো ধারালো অস্ত্র দিয়ে ওই সেনা সদস্যকে কোপানো শুরু করে।

পুরনো খবর:

মিলিটারি পুলিশের ওপর হামলাকারী ‘পথচারী’: আইএসপিআর