২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলিটারি পুলিশের ওপর হামলাকারী ‘পথচারী’: আইএসপিআর

ঢাকার কচুক্ষেতে সেনানিবাস এলাকায় একটি চেকপোস্টে মিলিটারি পুলিশের এক সদস্যকে কুপিয়ে আহত করার ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 07:55 PM

Updated : 12 Oct 2022, 04:25 PM

পুরনো খবর:

আশুলিয়ায় পুলিশের খুনিরাও ছিল ‘এক মোটর সাইকেলে ৩ জন’
ঢাকায় তল্লাশির সময় ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে বলা হয়েছে, “একজন পথচারী পেছন থেকে ধারালো অস্ত্রের মাধ্যমে” ওই হামলা চালায়।

গত এক মাসে গাবতলী ও আশুলিয়ায় দুই পুলিশ সদস্যকে ছুরি মেরে ও কুপিয়ে হত্যার পর দেশজুড়ে আলোচনার মধ্যেই মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ল্যান্স করপোরাল সামিদুল ইসলামকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ছোপ ছোপ রক্ত পড়ে থাকতে দেখা গেলেও আইএসপিআর বলছে, তিনি ‘সামান্য আহত’ হয়েছেন।

ঘটনার প্রায় ছয় ঘণ্টা পর আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “কর্তব্যরত অন্য সামরিক সদস্যগণ সন্দেহভাজন একজন হামলাকারীকে আটক করেছেন। বিস্তারিত জানার জন্য ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।”

তবে গ্রেপ্তার সন্দেহভাজন হামলাকারীর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তদন্তের বিষয়েও পুলিশ কর্মকর্তারা কিছু জানাতে পারেননি। 

কাফরুলের ওসি শিকদার মোহাম্মদ শামীম হোসেন জানিয়েছেন, এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।

আর ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “ঘটনা যে ঘটিয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার মোটিভ কী? তাকে পেট্রোনাইজ কে করেছে?, সে কোন গ্রুপের সদস্য? তার আদেশদাতা কে? এগুলো তদন্ত না করে বলা যাবে না।”

সেনানিবাস এলাকায় কড়া নিরাপত্তার মধ্যে ঠিক কীভাবে ওই হামলা হল- সে বিষয়ে আইএসপিআর বা পুলিশের কোনো স্পষ্ট ভাষ্য পাওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে যে চিত্র পাওয়া গেছে তা গণমাধ্যমে এসেছে।    

ঘটনাস্থলে স্থানীয়দের সঙ্গে কথা বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সহ সম্পাদক এহেছান লেনিন জেনেছেন, একটি রিকশা কচুক্ষেত থেকে ক্যান্টনমেন্টে ঢোকার সময় চেকপোস্টে দায়িত্বরত সামিদুল বাহনটি থামান এবং রিকশার হাওয়া ছেড়ে দেন। এর পরপরই পেছন থেকে এক যুবক এসে দা বা চাপাতির মত ধারালো অস্ত্র দিয়ে ওই সেনা সদস্যকে কোপানো শুরু করে।

সেখানে উপস্থিত একজন বলেছেন, রিকশাচালকই এ ঘটনা ঘটিয়েছে। তবে পুলিশ বা প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আনুমানিক ৩৫ বছর বয়সী ওই হামলাকারীর পরনে ছিল শার্ট ও লুঙ্গি।

উপস্থিত এমপি ও পুলিশ সদস্যরা ধাওয়া করলে হামলাকারী পালানোর চেষ্টা করে। বেশ কিছুক্ষণ পর উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয়ের পাশের গলির এক বাড়ি থেকে ধরা হয়।

হামলার ঘটনার পর পর উৎসুক জনতা ওই চেকপোস্টের কাছে ভিড় জমান।  খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে ছুটে যান। পরে মিলিটারি পুলিশ ও সেনা সদস্যরা জনতাকে সরিয়ে দেয়। 

এর আগে গত ৪ নভেম্বর সাভারের আশুলিয়ায় পুলিশের একটি চেকপোস্টে এক পুলিশ সদস্যক কুপিয়ে হত্যা এবং আরেকজনকে আহত করে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী তিন দুর্বৃত্ত।

আর দুর্গাপূজা উপলক্ষে রাজধানীতে কড়া নিরাপত্তার মধ্যে ২২ অক্টোবর  রাতে গাবতলী সেতুর কাছে পর্বত সিনেমা হলের সামনে পুলিশের একটি তল্লাশি চৌকিতে একই ধরনের হামলায় এক এএসআই নিহত হন।

সম্প্রতি দুই বিদেশি হত্যার মতো আশুলিয়ার পুলিশ হত্যার দায়ও মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী আইএস স্বীকার করেছে বলে ইন্টারনেটে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী একটি সংস্থা খবর দেয়। তবে বিএনপি-জামায়াতের দিকে ইঙ্গিত করে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, যারা দেশের পরিস্থিতি ‘অস্থিতিশীল’ করতে চায় তারাই এসব ঘটাচ্ছে।