পদ্মায় অবৈধ স্থাপনা উচ্ছেদে হাই কোর্টের নির্দেশ
মুন্সিগঞ্জ ও মাদারীপুরে পদ্মার দুই তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে ও অবৈধভাবে মাছ ধরার সব কার্যক্রম বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
এক রিট আবেদনের শুনানি করে বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
অবৈধ স্থাপনা উচ্ছেদ করে করে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে দুই জেলার প্রশাসক, পুলিশ সুপার এবং শিবচর ও লৌহজং থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনা বাস্তবায়নের প্রতিবেদন দাখিল ও শুনানির জন্য আগামী ১৩ ডিসেম্বর পরবর্তী দিন রেখেছে আদালত।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন। তাকে সহায়তা করেন আইনজীবী এ আর এম কামরুজ্জামান কাকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
পরে আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পদ্মা নদীর দুই পাড়ের অবৈধ সব স্থাপনা অপসারণ ও অবৈধভাবে মাছ ধরার কার্যক্রম বন্ধ করতে এবং অবৈধ ওইসব স্থাপনা ৩০ দিনের মধ্যে অপসারণ করে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
“যারা অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেছে, তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনসহ প্রচলিত আইনে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে গ্রেপ্তার তিন ব্যক্তিকে সংশ্লিষ্ট আদালতে হাজির করতেও বলা হয়েছে।”
‘কাউরাকান্দি-শিমুলিয়া’ নৌ-পথে পদ্মা নদীতে অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে মাছ ধরা হচ্ছে জানিয়ে ২৭ অক্টোবর একটি জাতীয় দৈনিকে ছবি ছাপা হয়।
এটি যুক্ত করে নদী রক্ষায় বিবাদীদের নিস্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিট করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও আইনজীবী মো. কামরুজ্জামান কচি।
আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ২ নভেম্বর হাই কোর্ট রুলসহ অন্তবর্তীকালীন আদেশ দেয়।
রুলে অবৈধ স্থাপনা অপসারণের কেন নির্দেশ দেওয়া হবে না, নদী রক্ষায় বিবাদীদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না ও স্থাপনা নির্মাণে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়।
স্বরাষ্ট্র সচিব, পরিবেশ সচিব, পানি সম্পদ সচিব, পুলিশের মহাপরিদর্শক, মাদারীপুর ও মুন্সিগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিবচর ও লৌহজং থানার ওসিসহ বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এ ছাড়া অবৈধভাবে বাঁশের বেড়া নির্মাতাদের গ্রেপ্তার করে আদালতে হাজির করতে নির্দেশ দিয়ে ১১ নভেম্বর দিন রাখে আদালত।
আইনজীবী এ আর এম কামরুজ্জামান কাকন জানান, ১১ নভেম্বর শিবচর থানা পুলিশ তিনজনকে আদালতে হাজির করে। ওই দিন দ্বৈত বেঞ্চের এক বিচারপতি বিশেষ বেঞ্চের দায়িত্বে থাকায় শুনানি হয়নি।
ওই তিন ব্যক্তি হলেন- মো. শফিকুল ইসলাম, দীন ইসলাম ও হাবিবুর রহমান।
