ঢাকার বাড্ডায় গুলি করে ১১ লাখ টাকা ছিনতাই
রাজধানীর মধ্য বাড্ডায় এক যুবককে গুলি করে ১১ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
আহতের নাম মো. শাহীন (২৫)। তার ডান পায়ে গুলি লেগেছে। তবে জখম গুরুতর না হওয়ায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন বলে পুলিশ জানিয়েছে।
বাড্ডা থানার ওসি এম এ জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সন্ধ্যা ৬টার দিকে মধ্য বাড্ডা ব্যাপারি টাওয়ারের কাছে ছিনতাইকারীর কবলে পড়েন শাহীন।
তিনি বলেন, শাহীন তার শ্বশুর, চাচা শ্বশুর ও শাশুড়িকে নিয়ে মধ্য বাড্ডার জহির উদ্দিন নামে এক ব্যক্তির বাসায় যান।
“জহির উদ্দিনের বাড়ির কলিং বেল বাজানোর সঙ্গে সঙ্গে ওঁৎ পেতে থাকা তিন যুবক শাহীনের ডান পায়ে একটি গুলি করে এবং দুটি হাতবোমা ফাটিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।”
এত টাকা নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে পুলিশ কর্মকর্তা জলিল বলেন, জহির উদ্দিনের কাছ থেকে এক কোটি ১০ লাখ টাকা দিয়ে একটি জমি কিনেছেন শাহীনের শ্বশুর জালাল উদ্দিন।
“আগে ৫০ লাখ টাকা দিয়ে বায়না করা হয়। আজ (বুধবার) আরও ৪১ লাখ টাকা দেওয়ার কথা ছিল।”
প্রায় ৮০ বছর বয়সি জহির উদ্দিন অসুস্থ থাকায় তার বাড়িতে ১১ লাখ টাকা নগদ ও ৩০ লাখ টাকার চেক পৌঁছে দিতে গিয়েছিলেন শাহীন ও তার শ্বশুর-শাশুড়ি।
