উত্তরায় গ্রেপ্তার ১১ ‘জঙ্গি’ রিমান্ডে
নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি’র সদস্য সন্দেহে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার ১১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির রাজ মঙ্গলবার পুলিশের রিমান্ড আবেদনের শুনানি নিয়ে তাদের হেফাজতে নেওয়ার আদেশ দেন।
এরা হলেন- আরিফ ইবনে খায়ের ওরফে রিফাত, মো. বাবু মুন্সী ওরফে মাসুদ রানা, মো. খোরশেদ আলম, ওমর ফারুক, মো. আলহাজ মিয়া, মো. হেলাল উদ্দিন, আব্দুল বাছেদ, মো. সুজাত, আজাহার আলী, মো. ফরহাদ হোসেন ও মিজানুর রহমান।
গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবদুর রাজ্জাক বিকালে ওই ১১ জনকে আদালতে হাজির করে প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন বলে আদালত পুলিশের এসআই মোসাম্মৎ তাহেরা জানান।
আসামিদের পক্ষে কোনো আইনজীবী না থাকায় বিচারক তাদের কোনো বক্তব্য আছে কি না তা জানতে চান।
“জবাবে তারা জেএমবি সদস্য নন এবং গত ১ নভেম্বর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয় বলে আদালতে বলেছেন,” বলে এসআই তাহেরা।
জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে তথ্য থাকায় সোমবার রাতে ঢাকার উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর এলাকা থেকে এই ১১ জনকে গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার দুপুরে জানায় গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বেশ কিছু উগ্রপন্থি বই, বিস্ফোরক দ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়।
