২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় ১১ ‘জেএমবি সদস্য’ আটক

ঢাকার উত্তরা থেকে দেশীয় অস্ত্র ও বিস্ফোরকসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ১১ ‘সদস্যকে’ আটক করেছে গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 11:07 AM

Updated : 12 Oct 2022, 04:25 PM

এরা হলেন- আরিফ ইবনে খায়ের ওরফে রিফাত, মো. বাবু মুন্সি ওরফে মাসুদ রানা, মো. খোরশেদ আলম, ওমর ফারুক, মো. আলহাজ মিয়া, মো. হেলাল উদ্দিন, আব্দুল বাছেদ, মো. সুজাত, আজাহার আলী, মো. ফরহাদ হোসেন, মিজানুর রহমান।

মঙ্গলবার পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম জানান, সোমবার রাতে উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

“তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই, বিস্ফোরক দ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।”

সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম বলেন, আটকরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা ও ব্যক্তির ওপর হামলার পরিকল্পনা করেছিল।

পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ জুলাই জেএমবির ভারপ্রাপ্ত আমির আবু তালহা মোহাম্মদ ওরফে পাখিকে গ্রেপ্তার করে ডিবি। সেই সময় তালহা তার সহযোগী হিসেবে আরিফ ইবনে খায়ের ওরফে রিফাতের নাম প্রকাশ করে।

তালহা গ্রেপ্তার হওয়ার পরে তার সহযোগী জেএমবির অন্যতম শীর্ষ স্থানীয় নেতা রিফাত গাজীপুর, টাঙ্গাইল ও জামালপুরসহ বিভিন্ন জেলা থেকে সদস্য সংগ্রহ করে সংগঠনের কাজ পরিচালনা করার চেষ্টায় ছিল। তার নেতৃত্বে আটক ১১ জন ঢাকায় একত্রিত হয়।

সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার শেখ নাজমুল আলম, মুনতাসিরুল ইসলাম, মাশরুকুর রহমান খালেদ, মাহবুব আলম, অতিরিক্ত কমিশনার মো.মাহফুজুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।