২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নানা কর্মসূচিতে আওয়ামী লীগের ‘নূর হোসেন’ স্মরণ

স্বৈরাচারী শাসনব্যবস্থা থেকে গণতন্ত্রে উত্তরণের পথে শহীদ নূর হোসেনের আত্মহুতির দিনটিকে নানা কর্মসূচিতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 01:50 PM

Updated : 22 Aug 2022, 01:51 PM

মঙ্গলবার সকাল ৭টায় গুলিস্থানের জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন স্কয়ারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে আওয়ামী লীগের কর্মসূচি শুরু হয়।

সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর নেতৃত্বে নেতাকর্মীরা নূর হোসেন স্কয়ারে পুস্পস্তবক অর্পণ করেন।

পরে মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ ও অন্য সহযোগী সংগঠনের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন পুস্পস্তবক অর্পণ করে।

১৯৮৭ সালের এই দিনে এইচ এম এরশাদের স্বৈরশাসনবিরোধী আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে যুবলীগ কর্মী নূর হোসেন শহীদ হন।

ওই দিন বুকে-পিঠে 'স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক' শ্লোগান লিখে রাজপথে বের হয়েছিলেন নূর হোসেন।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি মিছিল সেদিন ঢাকার 'জিরো পয়েন্ট' অতিক্রম করার সময় পুলিশ টিয়ারগ্যাস আর গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এসময় নূর হোসেন এবং যুবলীগ নেতা বাবুল গুলিতে নিহত হন।

আন্দোলনের ধারাবাহিকতায় আরও রক্তপাতের মধ্য দিয়ে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে।

অটোরিকশাচালক বাবার সন্তান নূর হোসেনের জন্ম ১৯৬১ সালে ঢাকার নারিন্দায়। অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া শেষে নূর হোসেন গাড়ি চালানোর প্রশিক্ষণ নেন। তিনি ছিলেন যুবলীগের সক্রিয় কর্মী।

দিবসটি উপলক্ষে সকাল থেকে আওয়ামী লীগের সব কার্যালয়ে জাতীয় পতাকা ও কালো পতাকা তোলা হয়েছে। এছাড়া দোয়া ও আলোচনা সভার কর্মসূচিও রয়েছে।

দুপুরে জাতীয় প্রেসক্লাবে শহীদ নূর হোসেন দিবসের আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “আমাদের দেশ যখনই কোনো সংকটের সম্মুখীন হয় তখনই দেশের স্বাধীনচেতা, সাহসী মানুষ প্রতিবাদ করে। বীর সেনানীদের আত্মহুতির মাধ্যমেই তা প্রমাণিত হচ্ছে। আর আমরা মুক্তিযুদ্ধের চেতনা লালন করে এগিয়ে যাচ্ছি।”

নূর হোসেনের আত্মত্যাগের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, “নূর হোসেন শুধু কণ্ঠে গণতন্ত্ররে কথা বলেননি, তার মুখে, বুকে একই কথা ছিল। 'স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক'।”

তিনি বলেন, বর্তমান সরকার জনগণকেই ‘শক্তি’ বলে মনে করে, জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে চায়।

“যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিভিন্নভাবে বিশৃঙ্খলা করতে চায়, দেশে জঙ্গিবাদের উত্থান ঘটাতে চায়, জনগণই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। আমাদের প্রশাসন জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে। আর সে জন্যই আমরা সফল হচ্ছি, এগিয়ে যাচ্ছি।”

শহীদ নূর হোসেন স্মৃতি পরিষদের সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে আওয়মী লীগের উপ-কমিটির সহ সম্পাদক এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা সভায় বক্তব্য দেন।

বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে যার শাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে পুলিশের বন্দুকের নলের সামনে বুক পেতে দিয়েছিলেন নূর হোসেন, সেই এরশাদের দলকে সাথে নিয়েই বর্তমানে সরকারে রয়েছে আওয়ামী লীগ। সরকারের মন্ত্রিসভায় রয়েছে এরশাদের জাতীয় পার্টি।

এরশাদের জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের জোটবদ্ধ হওয়াকে নূর হোসেনের পরিবার মেনে নিয়েছে ‘বাস্তবতা’ হিসেবে।

পুরনো খবর:

গণতন্ত্রের জন্য আত্মাহুতির ২৫ বছর
নূর হোসেনের জন্য এরশাদের ‘কান্না’
‘বাস্তবতায়’ গুমরে মরে নূর হোসেনের ভাইয়ের ক্ষোভ