টিআইবিকে সংসদে তলব করতে বললেন তোফায়েল
জাতীয় সংসদকে ‘পুতুল নাচের নাট্যশালা’ বলায় বেসরকারি প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)কে সংসদে তলব করতে বলেছেন জ্যেষ্ঠ মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ।
টিআইবি’র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের বক্তব্যে সংসদের অবমাননা হয়েছে মন্তব্য করে প্রভাবশালী এই মন্ত্রী প্রতিষ্ঠানটির আয়ের উৎস খতিয়ে দেখারও কথা বলেন।
সংসদে তোফায়েল আহমেদ বলেন, “টিআইবির বক্তব্যে সংসদের মর্যাদাহানি হয়েছে, সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে।”
বিরোধীদলীয় নেতাসহ কয়েকজন জ্যেষ্ঠ সাংসদও প্রতিষ্ঠানটির বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন।
সোমবার মাগরিবের নামাজের বিরতিতে যাওয়ার পর বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ পয়েন্ট অব অর্ডারে এই আলোচনা শুরু করেন।
অনির্ধারিত এই আলোচনায় যোগ দিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল বলেন, “যখন দেশ এগিয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অঙ্গনে যখন দেশের ভাবমূর্তি বৃদ্ধি করছেন, তখন টিআইবি এসব বলছে। এদের সংসদের প্রিভিলেজ কমিটিতে (বিশেষ অধিকার) সমন করে প্রশ্নের মুখোমুখি দাঁড় করাতে হবে। কত টাকা, কীভাবে পাচ্ছে, কোথায় খরচ করছে, তার জবাবদিহি করতে হবে।
“এদের একটাই কাজ স্বাধীনতা-অগ্রগতিকে বানচাল করা।”
স্পিকারের সভাপতিত্বে গঠিত বিশেষ অধিকার কমিটি সংসদ বা কোনো সাংসদের বিশেষ অধিকার ক্ষুণ্ণ হয়েছে মনে করলে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সমন করতে পারে।
সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতা এই কমিটির সদস্য।
তোফায়েলের বক্তব্যের সময় অধিবেশন কক্ষে ঢোকেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ২৫ অক্টোবর ‘পার্লামেন্ট ওয়াচ’ নামের একটি প্রতিবেদন প্রকাশ করে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “বর্তমান সংসদ ক্ষমতাসীন দলের একচ্ছত্র আধিপত্য বিস্তারের ভুবনে পরিণত হয়েছে। সংসদের বাইরের রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার প্রাতিষ্ঠানিক ফোরামে পরিণত হয়েছে।”
তিনি সংসদকে ‘পুতুল নাচের নাট্যশালা’ বলেও অভিহিত করেন।
রওশন এরশাদ আলোচনার শুরুতে বলেন, “তারা কেন নতুন নির্বাচন দাবি করছে। যখন নির্বাচন বানচালের জন্য মানুষ হত্যা করা হয়েছে, তখন তো কথা বলেনি। তখন কেন মৌনব্রত পালন করেছিলেন?
“নতুন নির্বাচনের দাবি কি তাদের এখতিয়ারভুক্ত? তারা সংবিধানসম্মত নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে। এটা কী তাদের এখতিয়ারে পড়ে।”
তিনি বলেন, “নবম সংসদ পর্যন্ত আমরা দেখতে পাই বিরোধী দল সংসদে ফাইল ছোড়াছুড়ি, গালিগালাজ… নেতা কর্মীদের বিরুদ্ধে অকথ্য ভাষায় মন্তব্য এমনকি প্রয়াত নেতাদের নিয়ে তারা কথা বলতে ছাড়েননি।
“কিন্তু আমরা বিরোধী দল হিসেবে গঠনমূলক কথা বলছি। জনগণের সমস্যার কথা তুলে ধরছি। সেখানে আমাদের কথিত বিরোধী দল হিসেবে আখ্যায়িত করা কতটা সমীচীন হয়েছে সেটা আমার প্রশ্ন।”
তোফায়েল আহমেদ (ফাইল ছবি)
তোফায়েল আহমেদ বলেন, “আপনারা কী কখনও টিআইবির মুখ থেকে বাংলাদেশের প্রশংসা শুনেছেন? বেগম খালেদা জিয়া যখন দেশে হত্যাযজ্ঞ চালিয়েছিলেন, তখন কি টিআইবি কোনো কথা বলেছিল? ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বানচাল করার যখন চেষ্টা করেছিল, তখনও তারা কোনো কথা বলেনি।”
আওয়ামী লীগের জ্যেষ্ঠ সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানকে ‘অশিক্ষিত ডক্টরেট’ মন্তব্য করে বলেন, “আইন বুঝবেন না, পার্লামেন্ট বুঝবেন না, না বুইঝা কীভাবে ডক্টরেট হইলেন?
“আপনারা পার্লামেন্টকে পুতুল নাচের রঙ্গমঞ্চ বললেন, অথচ এই পার্লামেন্টে কমিটিতে আপনারা কথা বলে গেছেন। তাহলে পুতুল নাচের রঙ্গমঞ্চে আপনারা বাঁদর নাচ নেচেছেন?”
সম্প্রতি ‘ফরেন ডোনেশন এক্ট’ নিয়ে নিজেদের মত আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে নিজেদের বক্তব্য তুলে ধরে টিআইবিসহ কয়েকটি বেসরকারি সংগঠন। এই কমিটির সভাপতি সুরঞ্জিত।
সংসদ নিয়ে কথা বলায় টিআইবি রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছে মন্তব্য করে সুরঞ্জিত বলেন, “আপনি সংবিধান মানবেন না, পার্লামেন্ট মানবেন না, তা তো হবে না। এই সংসদের সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত। ক্ষমতার সকল উৎস জনগণ। সেই জনগণ নিয়ে কথা বলে আপনা সংবিধান লংঘন করেছেন।
“সংবিধান লংঘনের অপরাধ রাষ্ট্রদ্রোহের অপরাধ।”
তিনি বলেন, “টিআইবি কি সমস্ত আইনের ঊর্ধ্বে? সংসদ-সরকার-সংবিধানের উর্ধ্বে?। সংসদ, রাষ্ট্র কী এতই অসহায়। সব দেশেই এরা বিধিবদ্ধ সংস্থা, আইনের অধীন। এক ইঞ্চি বাইরে যাওয়া অধিকার নেই।”
এসময় রাষ্ট্রদ্রোহের অপরাধের শাস্তি সম্পর্কে আইন করার জন্য আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
টিআইবিকে সংসদ ‘বরখাস্ত’ করতে পারে জানিয়ে সুরঞ্জিত বলেন, “আপনারা আইনের দ্বারা বিধিবদ্ধ সংগঠন। আমার কমিটিতে ফরেন ডোনেশন অ্যাক্ট আছে। ওই আইনে যদি আপনাদের বরখাস্ত করা হয়, তবে আমার কেন, আমাদের নেত্রীও কিছু করার থাকবে না।”
তিন দিনের মধ্যে টিআইবিকে ক্ষমা চাওয়ার আহ্বানও জানিয়ে তিনি বলেন, “তিন দিনের মধ্যে অবনত মস্তকে ক্ষমা চান। সংবিধান মানেন, পার্লামেন্ট মানে, না হয় ফরেন ডোনেশন অ্যাক্টে...।”
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ইফতেখারুজ্জামানকে উদ্দেশ করে বলেন, “আমাদের স্পিকার সিপিএর চেয়ারপারসন। সাবের হোসন চৌধুরী আইপিইউর প্রেসিডেন্ট। সিপিএর নাম শোনেননি। এ নাম না শুনে ডকটরেট কীভাবে করলেন। রঙ্গমঞ্চ বললেন সংসদকে। আসলে সহেনা যাতনা..... নিশিদিনও বসে আছি শুধু পথপানে চেয়ে।
“বসে থাকেন, নির্বাচন ৫ বছর পর হবে। নানান সুতার টানে আপনারা নাচতে পারেন। আপনাদের এই নাচের উদ্দেশ্য আছে। যখন সামরিক শাসন আসে তখন তো আপনারা কথা বলেন না। এই সরকারের বিদেশিদের কাছে আনুগত্য নেই। আপনাদের আছে।”
জাসদের মইন উদ্দিন খান বাদল বলেন, “টিআইবিসহ অন্য প্রতিষ্ঠানের কাছ প্রশ্ন: বাংলাদেশ সম্পর্কে রেফার করবেন তখন বলবেন, নির্বাচন বানচালের জন্য যে ঘটনা ঘটেছে তার বিচার হতে পারবে কী পারবে না? ১৫ অগাস্টের বিচার করা যাবে কী যাবে না? ২১ অগাস্ট বিচার করা যাবে কী যাবে না? এগুলো করার মাধ্যমে যদি মনে করেন গলা টিপে ধরা হচ্ছে। তাহলে ভুল।”
তিনি বলেন, “জাতির ১২টা যাতে না বাজে সেজন্য পেইনফুল অপারেশন করতে হবে। সেদিকেই আমরা যাচ্ছি। আমি নিশ্চিত যুদ্ধপরাধীদের বিচার সম্পন্ন হবে। অসভ্য জানোয়াররা ২-১টি ঘটনা ঘটাতে পারে। টিআইবি সুড রিয়ালাইজ। দিস পার্লামেন্ট বাংলাদেশের ভরকেন্দ্র। যারা সরিয়ে দিতে চায় তারা সংবিধানের প্রতি চ্যালেঞ্জ করছে।”
আওয়ামী লীগের সংসদ সদস্য সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ টিআইবির বক্তব্যকে শিষ্টাচারবহির্ভূত বলে মন্তব্য করেন।
এই আলোচনায় আরও অংশ নেন স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজী।
সংসদের যে কোনো পদক্ষেপকে স্বাগত: টিআইবি
প্রতিবেদন নিয়ে তলবের দাবি ওঠার প্রতিক্রিয়ায় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, সংসদের যে কোনো পদক্ষেপে সাড়া দেবে তারা।
তিনি সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংসদে আলোচনা হওয়ায় আমাদের প্রতিবেদনটির গুরুত্ব প্রমাণ হয়েছে, এটি গুরুত্বও বহন করে।
“আশা করব, প্রতিবেদনের বিশ্লেষণ, তথ্য উপাত্ত ও সুপারিশ সংসদ বিবেচনায় নেবে। প্রতিবেদন নিয়ে সংসদের যে কোনো পদক্ষেপে টিআইবি সহায়তা করতে প্রস্তুত।”
