অন্য কোনো উদ্দেশ্য নেই: টিআইবি
পার্লামেন্ট ওয়াচ প্রতিবেদন নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ের সমালোচনার প্রতিক্রিয়ায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলেছে, তাদের অন্য কোনো উদ্দেশ্য নেই।
গত সপ্তাহে ওই প্রতিবেদন প্রকাশের আওয়ামী লীগ নেতা ও মন্ত্রীদের সমালোচনার জবাবে রোববার এক বিবৃতিতে টিআইবি এই বক্তব্য দিয়েছে।
গত ২৫ অক্টোবর ‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদন প্রকাশ করে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছিলেন, “বর্তমান সংসদ ক্ষমতাসীন দলের একচ্ছত্র আধিপত্য বিস্তারের ভুবনে পরিণত হয়েছে। সংসদের বাইরের রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার প্রাতিষ্ঠানিক ফোরামে পরিণত হয়েছে।”
সেই সঙ্গে নতুন নির্বাচনের পক্ষে টিআইবি অবস্থান জানানোর পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বাংলাদেশকে অস্থিতিশীল করতে বিদেশি এবং প্রকাশক খুনের সঙ্গে টিআইবির প্রতিবেদন প্রকাশের যোগসূত্র রয়েছে বলেও দাবি করেন মন্ত্রী শাজাহান খান।
বিবৃতিতে টিআইবি বলেছে, “সংবিধান ও আইনসম্মতভাবে বিশ্বব্যাপী চলমান নাগরিক সংগঠন কর্তৃক সংসদ কার্যাবলী পরিবীক্ষণ চর্চার ন্যায় এই অধিকার ও দায়িত্ব পালনের বাইরে অন্য কোনো উদ্দেশ্য টিআইবির নেই।
“মহান সংসদের অবমাননা বা মর্যাদাহানি তো নয়ই। বরং সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন সম্ভাবনা প্রতিহত করার মতো পরিবেশ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালনই টিআইবির উদ্দেশ্য।”
‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদনের বিষয়ে টিআইবি বলেছে, সংসদীয় গণতন্ত্র চর্চা, বিশেষ করে জনগণের কার্যকর প্রতিনিধিত্ব, আইন প্রণয়ন ও সংস্কার এবং জনগণের কাছে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করাই এর উদ্দেশ্য।
সংসদে ‘সত্যিকারের বিরোধী দল নেই’ এই বক্তব্যের পক্ষে যুক্তি দেখিয়ে টিআইবি বলেছে, “এটি শুধু একটি মন্তব্য নয়, বাস্তব সত্য হিসেবে সর্বজনবিদিত।”
৫ জানুয়ারির নির্বাচনকে ‘বিতর্কিত’ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, “বাস্তবে নির্বাহী পরিচালক বলেন, বিতর্কমুক্ত নির্বাচন অবশ্যই সমাধানের সুযোগ সৃষ্টি করতে পারে, তবে কখন ও কীভাবে উক্ত নির্বাচন হবে তা নির্ধারণ করবেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ।
“এ বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বা কোনো বিশেষ মহলের সুবিধার্থে মনে করা ভিত্তিহীন।”
টিআইবি’র অর্থায়ন বিষয়ে মন্ত্রীদের বক্তব্যের বিষয়ে বিবৃতিতে বলা হয়, “টিআইবি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যাতিরেকে একটি পয়সাও তার অর্থায়নের জন্য গ্রহণ বা ব্যয় করতে পারে না।”
