২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লগার রাজীব হত্যায় এক প্রহরী ও প্রতিবেশীর সাক্ষ্য 

গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় রাষ্ট্রপক্ষে আরো দুজন সাক্ষ্য দিয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 07:26 PM

Updated : 22 Aug 2022, 01:49 PM

রোববার ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন হত্যার ঘটনাস্থল পল্লবীর পলাশনগর এলাকার নিরাপত্তা প্রহরী আলমগীর হোসেন ও রাজীবদের প্রতিবেশী আবদুস সাত্তার।

রাষ্ট্রপক্ষের বিশেষ কৌসুঁলি মাহবুবুর রহমান জানান, ট্রাইবুনালের বিচারক সাঈদ আহম্মেদ পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ১১ নভেম্বর পরবর্তী দিন ঠিক করেন।

এ দুজনকে ধরে রাজীব হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের ৫৫ সাক্ষীর মধ্যে রোববার এ পর্যন্ত ২০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হল।

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলন শুরুর ১০ দিনের মধ্যে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবীতে বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয় রাজীবকে।

ওই ঘটনায় রাজীবের বাবা ডা. নাজিম উদ্দীন পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আনসারুল্লাহ বাংলা টিমসহ ধর্মীয় উগ্রবাদীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশের তদন্তে উঠে আসে।

২০১৪ সালের ২৯ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ আদালতে আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

হত্যা মামলাটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ফয়সাল বিন নাঈম দীপ, মাকসুদুল হাসান অনিক, এহসানুর রেজা রুম্মান, নাঈম শিকদার, নাফিস ইমতিয়াজ, সাদমান ইয়াসির মাহমুদ এবং আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানী কারাগারে আছেন।

অন্য আসামি রেদোয়ানুল আজাদ রাজা পলাতক। গোয়েন্দা পুলিশের ধারণা, রানা আনসারুল্লাহ বাংলাটিমের সক্রিয় সদস্য ও নেতা।

ঘটনার দুই বছর পর গত ১৮ মার্চ ওই আটজনের বিরুদ্ধে মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়।

পুরনো খবর:

রাজীব হত্যার বিচার এই মাসেই শেষ চান মন্ত্রী
রাজীব হত্যায় সাক্ষ্য দিলেন আসামি রানার প্রতিবেশী