রাজীব হত্যার বিচার এই মাসেই শেষ চান মন্ত্রী
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলার বিচার এই মাসের মধ্যে শেষ চান আইনমন্ত্রী আনিসুল হক।
সোমবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “প্রসিকিউশনকে আমি আজ নির্দেশ দিয়েছি, এইটা আগামী ৮ নভেম্বরে (সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য) আছে। ওইদিন থেকে এটা প্রত্যেক দিন চলবে।
“আমরা চেষ্টা করব, যদি আইনি কোনো প্রতিবন্ধকতা না থাকে, প্রসিকিউশন থেকে আমরা চেষ্টা করব, এই মাসের মধ্যে যেন এই ট্রায়ালটা শেষ হয়ে যায়।”
শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলন শুরুর ১০ দিনের মধ্যে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবীতে বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয় রাজীবকে।
আনসারুল্লাহ বাংলা টিমসহ ধর্মীয় উগ্রবাদীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশের তদন্তে উঠে এসেছে। মামলাটি পরে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
দুই বছর পর গত ১৮ মার্চ এ আটজনকে আসামি করে মামলাটির বিচার প্রক্রিয়া শুরু হয়। মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার পর আদালত রাষ্ট্রপক্ষের ৫৫ সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করেছে। আগামী ৮ নভেম্বর পরবর্তী সাক্ষের তারিখ ঘোষণা করা হয়েছে।
হত্যা মামলাটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ফয়সাল বিন নাঈম দীপ, মাকসুদুল হাসান অনিক, এহসানুর রেজা রুম্মান, নাঈম শিকদার, নাফিস ইমতিয়াজ, সাদমান ইয়াসির মাহমুদ এবং আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানী কারাগারে আছেন।
অন্য আসামি রেদোয়ানুল আজাদ রাজা পলাতক। গোয়েন্দা পুলিশের ধারণা, রানা আনসারুল্লাহ বাংলাটিমের সক্রিয় সদস্য ও নেতা।
রাজীবকে হত্যার বছরের ৯ এপ্রিল বুয়েটের নজরুল ইসলাম হলে দুর্বৃত্তের হামলায় আহত হন গণজাগরণ মঞ্চের কর্মী আরিফ রায়হান দীপ। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বই মেলা থেকে ফেরার পথে হামলায় নিহত হন বিজ্ঞানমনষ্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়।
আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ছবি)
অনন্ত বিজয় দাশ এবং নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় দুই জনই গণজাগরণ মঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন।
রাজীব খুনের পর সংঘটিত এই হত্যাকাণ্ডগুলোর একটিরও বিচার শুরু হয়নি।
বিচার শুরুতে দেরির কারণ জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, “সব কথার জবাব কি আমি দিতে পারব? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জবাব আমি দিতে পারব না।
“অভিযোগপত্র দেওয়ার পর বিচারিক কাজের জন্য যখন বিচারিক আদালতে আসে, এই সব মামলাকে যত দ্রুত শেষ করা উচিত, আমরা তত দ্রুত শেষ করব।”
আইন মন্ত্রণালয়ের কাজ প্রসিকিউশনকেন্দ্রিক জানিয়ে আনিসুল হক বলেন, তদন্তে দ্রুত করার কাজে তার হাত নেই।
সর্বশেষ শনিবার রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর ফয়সাল আরেফিন দীপনকে তার নিজ অফিসে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
তার কয়েক ঘণ্টা আগে শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী টুটুলের লালমাটিয়ার অফিসের তাকেসহ ব্লগার সুদীপ কুমার বর্মণ ও তারেক রহিমকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
উভয় ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে সোমবার শাহবাগ ও মোহাম্মদপুর থানায় পৃথক মামলায হয়।
