২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজন-রাকিবের রায়ের অপেক্ষা

এক মাসের ব্যবধানে নির্মম নির্যাতনের মাধ্যমে দুই শিশু হত্যার যে দুটি ঘটনা পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছিল, তার রায় জানা যাবে রোববার। 

খুলনা প্রতিনিধি

সিলেট ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 10:47 AM

Updated : 25 Apr 2022, 02:07 PM

সিলেটের মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা বেলা ১১টার পর সামিউল আলম রাজন (১৩) হত্যা মামলার রায় ঘোষণা করবেন। কাছাকাছি সময়ে খুলনা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা দেবেন শিশু রাকিব হাওলাদার (১২) হত্যা মামলার রায়।

গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে ১৩ বছরের শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকারীরাই সেই নির্যাতনের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়, যা নিয়ে দেশজুড়ে তোলপাড় ও ক্ষোভের সৃষ্টি হয়।

এরপর মাস না ঘুরতেই ৩ অগাস্ট খুলনার টুটপাড়া কবরখানা মোড়ের একটি ওয়ার্কশপে মোটরসাইকেলে হাওয়া দেওয়ার কমপ্রেসার মেশিনের মাধ্যমে মলদ্বারে হাওয়া ঢুকিয়ে হত্যা করা হয় রাকিবকে।

সিলেটের জালালাবাদ থানা এলাকার বাদেয়ালি গ্রামের রাজন রিকশা ভ্যানে করে সবজি বিক্রি করত। আর রাকিব কাজ করত খুলনার পিটিআই মোড়ের এক মোটর গ্যারেজে। তাদের নির্মম হত্যার খবর আন্তর্জাতিক গণমাধ্যমেও শিরোনাম হয়।

রাজন হত্যাকাণ্ডের দেড় মাসের মধ্যে তদন্ত শেষ করে ১৬ অগাস্ট ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা সুরঞ্জিত তালুকদার। গত ২২ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ্যে দিয়ে সিলেটের আদালতে এই হত্যা মামলার বিচার শুরু হয়।

রাজন হত্যার পর ১০ জুলাই সৌদি আরব পালিয়ে যান মূল অভিযুক্ত কামরুল ইসলাম। গত ১৫ অক্টোবর তাকে দেশে ফিরিয়ে এনে পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কামরুলকে নিয়ে এ মামলার আসামিদের মধ্যে ১১ জনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। পলাতক রয়েছেন কামরুলের আরেক ভাইসহ দুজন।

এ মামলার ৩৮ জন সাক্ষীর মধ্যে ৩৬ জনের সাক্ষ্য শোনে আদালত। ১৪ কার্যদিবসে বিচার-প্রক্রিয়া শেষে গত ২৭ অক্টোবর সিলেটের মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা এ মামলায় রায়ের দিন ঠিক করে দেন।

রাষ্ট্রপক্ষে এ মামলা পরিচালনা করেন সিলেটের পিপি মফুর আলী। আসামিপক্ষে ছিলেন হাবিবুর রহমান হাবিব।

রাজনের বাবা আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চুরির অপবাদ দিয়ে রাজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে। আমি আসামিদের সর্বোচ্চ শাস্তি চাই।”

এক মোটর গ্যারেজের কাজ ছেড়ে অন্য গ্যারেজে কাজ নেওয়ায় খুলনার দিনমজুর নূর আলম হাওলাদারের ছেলে রাকিবকে পৈশাচিক কায়দায় হত্যা করা হয় বলে মামলার তদন্তে বেরিয়ে আসে।

রাকিবের লাশের ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, মলদ্বার দিয়ে কম্প্রেসার মেশিনের মাধ্যমে দেওয়া  বাতাসের চাপে ওই কিশোরের পেটের ভেতরের  নাড়ি, মলদ্বার,  ‍মুত্রথলি ফেটে যায়। এছাড়া পেটের ভেতরে অতিমাত্রায় রক্তক্ষরণ হয় এবং তা ছড়িয়ে পড়ে। রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়।

যে গ্যারেজে ওই নৃশংসতা ঘটে সেই শরীফ মোটরসে’র মালিক ওমর শরীফ, তার মা বিউটি বেগম এবং চাচা মিন্টু খানকে ঘটনার পরপরই গ্রেপ্তার করে পুলিশ। পরদিন রাকিবের বাবা বাদী হয়ে ওই তিনজনকে আসামি করে খুলনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা খুলনা সদর থানার এসআই কাজী মোস্তাক আহমেদ গত ২৫ অগাস্ট তিনজনকে আসামি করে খুলনা মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দেন। গত ৫ অক্টোবর খুলনা মহানগর ও দায়রা জজ আদালত বিচার শুরুর আদেশ দেয়।

এ হত্যা মামলায় সাক্ষ্য-জেরা শেষ হয় ১০ কার্যদিবসে। খুলনা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা গত ১ নভেম্বর যুক্তিতর্কের শুনানি শেষে রায়ের জন্য ৮ নভেম্বর দিন রাখেন।

রাষ্ট্রপক্ষের এ মামলা পরিচালনা করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারী মোমিনুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন সুলতানা রহমান।  অন্যদিকে আসামিপক্ষে ছিলেন তৌহিদুর রহমান তুষার।

রাকিবের বাবা নূর আলমও খুনিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন। 

পুরনো খবর:

রাজন হত্যা: ফের ১১ জনের সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক ২৫ অক্টোবর
রাজন হত্যার আসামি কামরুল দেশে
রাজন হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু
১৩ জনকে আসামি করে রাজন হত্যার অভিযোগপত্র
শিশু রাজন হত্যার কারণ ‘অন্য’
পিটিয়ে শিশু হত্যা, ভিডিও সামাজিক মাধ্যমে
নির্মম কায়দায় শিশুকে হত্যা
‘মামা আর দিয়েন না, মরে যাব’
রাকিব হত্যার বিচার শুরু