২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজন হত্যা: ফের ১১ জনের সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক ২৫ অক্টোবর

সিলেটে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার মামলায় প্রধান আসামি কামরুল ইসলামের আবেদনে সাড়া দিয়ে ফের মামলার ১১ সাক্ষীর জবানবন্দি নিয়েছে আদালত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2015, 05:03 PM

Updated : 12 Oct 2022, 04:18 PM

পুরনো খবর:

রাজন হত্যা: ১১ সাক্ষীর জবানবন্দি ফের শুনবে আদালত

একই সঙ্গে আদালত আগামী ২৫ অক্টোবর এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করেছে।

সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা বুধবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত নতুন করে সাক্ষীদের এই জবানবন্দি শুনেন।

ওই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মফুর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জবানবন্দি দেওয়া ১১ জনের নাম জানিয়েছেন।

এরা হলেন- সিলেটের মহানগর হাকিম সাহেদুল করিম, আনোয়ারুল হক, জালালাবাদ থানার বরখাস্ত ওসি আলমগীর হোসেন, মামলার বাদী এসআই আমিনুল ইসলাম, রাজনের বাবা আজিজুর রহমান, মা লুবনা আক্তার, চাচা আল আমিন এবং স্থানীয় ইশতিয়াক আহমদ, বেলাল আহমদ, কোরবান আলী ও আফতাব মিয়া।

মঙ্গলবার মামলার প্রধান আসামি কামরুলের উপস্থিতিতে তার আইনজীবী আলী হায়দার ফারুক ১৫ জনের সাক্ষ্য নতুন করে নেওয়ার আবেদন করলে আদালত ১১ জনের ব্যাপারে অনুমতি দেন।

নতুন করে সাক্ষীদের জবানবন্দি শুনার সময় আদালতে কামরুলসহ মামলার ১১ আসামিকে হাজির করা হয়।

পিপি মফুর আলী তিনি জানান, আগামী ২৫ অক্টোবর এ মামলায় ৩৪২ ধারায় আসামিদের যাচাই-বাচাই ও যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করেছেন বিচারক।

গত ১ অক্টোবর মামলায় সাক্ষগ্রহণ শুরুর পর এ পর্যন্ত ৩৮ জনের মধ্যে ৩৬ সাক্ষ্য দিয়েছেন।

গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে খুঁটিতে বেঁধে ১৩ বছরের শিশু রাজনকে পিটিয়ে হত্যার পর বিদেশে পালিয়ে যান কামরুল।

Image
রাজন হত্যা মামলায় ফের ১১ সাক্ষীর জবানবন্দি শুনার দিনে আদালতে হাজির করা হয় মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে

রাজন হত্যা মামলায় ফের ১১ সাক্ষীর জবানবন্দি শুনার দিনে আদালতে হাজির করা হয় মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে

গত বৃহস্পতিবার বিকালে তাকে দেশে ফেরত আনার পর শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ঘটনার দেড় মাসের মধ্যে তদন্ত শেষ করে গত ১৬ অগাস্ট ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা সুরঞ্জিত তালুকদার।

২২ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ্যে দিয়ে আলোচিত এই হত্যা মামলার বিচার শুরু হয়।

কামরুলকে নিয়ে এই মামলার আসামিদের মধ্যে মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার আরও দুই ভাই মুহিত আলম ও আলী হায়দার কারাগারে রয়েছেন ।

পলাতকদের মধ্যে কামরুলের আরেক ভাই সদর উপজেলার শেখপাড়ার বাসিন্দা শামীম আহমদের সঙ্গে পাভেল আহমদ নামে আরেকজন রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।