২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে স্বামীর জননাঙ্গ কর্তন, নববধূ আটক

আগের দুই বিয়ের কথা না জানানোয় গাজীপুর সদরে সদ্য বিয়ে করা এক তরুণী তার স্বামীর জননাঙ্গ কেটে ফেলেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 03:49 PM

Updated : 22 Aug 2022, 01:48 PM

পুলিশ ওই তরুণীকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার গভীর রাতে ভোগড়া এলাকায় একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আহত সোলাইমান ওরফে সোহেলকে (২৫) শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তরুণীটি গাজীপুরের ভোগড়া এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তিনি নানির সঙ্গে শহরের ছয়াদানা এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।  

সোহেলের স্ত্রীর বরাত দিয়ে জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের এসআই জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোহেল গত এক বছর ধরে ওই তরুণীকে (২২) বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। গত ৩ নভেম্বর তারা আদালতে গিয়ে বিয়ে (এফিডেভিট) করেন।

কিন্তু বিয়ের পরপরই মেয়েটি জানতে পারেন তার স্বামী আগে আরও দুটি বিয়ে করেছেন। ‘প্রতারক’ স্বামীকে সাজা দিতেই তিনি এ পরিকল্পনা করেন বলে পুলিশকে জানান।

এসআই জাকির আরও জানান, বৃহস্পতিবার কারখানা ছুটির পর নববিবাহিতা স্ত্রীসহ সোহেল ‘হোটেল পালকি’তে ওঠেন।

“সেখানে স্বামীর আগের দুই বিয়ে নিয়ে তাদের মধ্যে কলহ হয়। এক পর্যায়ে সাজেদা ব্লেড দিয়ে সোহেলের পুরুষাঙ্গ কেটে বিচ্ছন্ন করে ফেলেন।”

পরে সোহেলের চিৎকারে হোটেলের লোকজন তরুণীকে আটকে পুলিশে খবর দেয় এবং সোহেলকে হাসপাতালে পাঠায়, বলেন এসআই জাকির।

“সোহেলের স্ত্রী পুলিশকে বলেছেন- তার স্বামী আগে আরও দুটি বিয়ে করেছেন। এ খবর তিনি জানতেন না। জানার পর পরিকল্পনা করেই তিনি স্বামীকে নিয়ে ওই হোটেলে ওঠেন,” বলেন এসআই জাকির।

পালকি হোটেলের ম্যানেজার শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ওই দুজন স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে হোটেলে উঠেছিলেন।

সোহেলের বাড়ি বাহ্মণবাড়িয়ায়। তার স্ত্রীর বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলায়।