মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
বাংলাদেশে বিনিয়োগ করার জন্য মালয়েশিয়ার বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার বিকালে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার বিদায়ী হাই কমিশনার নরলিন বিনতি ওথম্যান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে আসলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশের পরিবেশ বিনিয়োগ বান্ধব উল্লেখ করে সাক্ষাতের সময় রাষ্ট্রপতি মালয়েশিয়ার বিনিয়োগকারীদের এখানে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।”
“বাংলাদেশের জনশক্তি দুই দেশের আর্থ-সামজিক উন্নয়নে ভূমিকা রাখছে উল্লেখ করে রাষ্ট্রপতি মালয়েশিয়ার সরকারকে আরও জনশক্তি নেওয়ার আহ্বান জানান।”
দুই দেশের বিদ্যমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি দেশ দুটির সম্পর্ক উন্নয়নে কাজ করার জন্য বিদায়ী দূতকে ধন্যবাদ জানান।
সম্প্রতি বাংলাদেশ-মালয়েশিয়া পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ওই বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও সম্প্রসারিত হয়েছে।
মালয়েশিয়ার বিদায়ী দূত এসময় তার দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
মন্ত্রিপরিষদ সচিবের সাক্ষাত
পরে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নতুন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে নতুন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সৈাজন্য সাক্ষাৎ
এর আগে ভূমি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসা শফিউল মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবের দায়িত্বে ছিলেন।
তার আগে তিনি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, ভূমি আপিল বোর্ড এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।
প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, সাক্ষাতের সময় রাষ্ট্রপতি শফিউল আলমকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পাওয়ার জন্য অভিনন্দন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাষ্ট্রপতি বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে মন্ত্রিপরিষদ সচিবকে নতুন ধ্যান-ধারণা প্রয়োগের পরামর্শ দেন এবং কর্মজীবনের সফলতা কামনা করেন।”
মন্ত্রিপরিষদ সচিব তার কর্মকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।
