ঢাবি ট্যুরিস্ট সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নানা আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের ২০তম প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিস্ট সোসাইটি।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি, লন্ঠন প্রজ্জ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, পর্যটন একটা সম্ভাবনাময় শিল্প, শ্রমঘন এই শিল্প দেশের অর্থনীতি এবং সংস্কৃতি বিকাশের অপার সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।
“মানুষের স্পর্শনির্ভর এই শিল্পে প্রশিক্ষিত জনশক্তির সংযোগ স্থাপনের মাধ্যমে পর্যটন মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারে, মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিতে পারে।”
পর্যটন শিক্ষারই একটি অংশ উল্লেখ করে তিনি বলেন, “অভ্যন্তরীণ পর্যটনকে সামনে রেখে বিশেষ কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। পর্যটন বিকাশের মাধ্যমে বর্হিবিশ্বে বাংলাদেশকে উন্মোচন করা যায়, এতে দেশের ভাবমূর্তি বৃদ্ধি পাবে।”
“এছাড়া দেশ-বিদেশে সফর করলে দেশকে যেমন অনুভব করা যায়, বিদেশকে তেমনি জানা যাবে। পর্যটনের ঐতিহ্য প্রাতিষ্ঠানিক পর্যটন শিক্ষায়ও আগ্রহ তৈরি করে।”
অনুষ্ঠানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ্জামান খান কবির, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক মো. আলমগীর হোসেন ও ট্যুরিস্ট সোসাইটি’র সভাপতি সাদ্দাম হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন ।
