২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ভর্তি: ইলেকট্রনিক যন্ত্র ব্যবহারে পরীক্ষার্থীর দণ্ড

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইলেকট্রনিক যন্ত্র ব্যবহারের অপরাধে এক পরীক্ষার্থীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2015, 08:21 PM

Updated : 12 Oct 2022, 04:20 PM

দণ্ডপ্রাপ্ত হাসিবুল হাসান শামু নীলফামারী সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন।

শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরুর পর রাজধানীর মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে এটিএম কার্ডের মত একটি ইলেকট্রনিক যন্ত্রসহ আটক হাসিবুলকে দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে স্থাপিত এই আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী মাহবুব তাকে দুই বছর কারাদণ্ড দেন। পরে হাসিবুলকে শাহবাগ থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ম্যাজিস্ট্রেট মৌসুমী মাহবুব সাংবাদিকদের বলেন, পরীক্ষা চালকালে প্রযুক্তির মাধ্যমে অন্যদের সহায়তা নেওয়ার অপরাধে পাবলিক পরীক্ষা অপরাধ আইনের ১৯৮০ এর ৯ (খ) ধারা অনুযায়ী হাসিবুলকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ওই পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মিজানুন রহমান বলেন, ”পরীক্ষা শুরুর এক ঘণ্টা পরে হাসিবুলকে একটি ইলেকট্রনিক যন্ত্রসহ আটক করি। ওই যন্ত্রের মাধ্যমে সে পরীক্ষা হলে উত্তরপত্রে বৃত্ত ভরাটের চেষ্টা করছিল।”

দেখতে এটিএম কার্ডের মত ওই যন্ত্রের ভেতরে মোবাইল ফোনের একটি সিম-কার্ড ব্যবহার করা হয়, যার মাধ্যমে পরীক্ষার্থীদের সঙ্গে আধা কিলোমিটার দূর থেকে যোগাযোগ করা যায়।

এছাড়াও পরীক্ষার্থীর কানের ভেতর একটি সূক্ষ্ম যন্ত্র রেখে তা দিয়ে ওই শিক্ষার্থীকে বাইরে থেকে উত্তর বলে সহায়তা করা হয়।

Image
ভর্তি পরীক্ষায় জালিয়াতি পরিকল্পনার অভিযোগে আটক মানিক শেখ

ভর্তি পরীক্ষায় জালিয়াতি পরিকল্পনার অভিযোগে আটক মানিক শেখ

শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বাইরের ৭৬টি কেন্দ্রে বিজ্ঞান অনুষদের অধীন ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। এক হাজার ৬৬০টি আসনের বিপরীতে ৭১ হাজার ৩৫০ জন এ পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন করেন।

এই পরীক্ষায় জালিয়াতির পরিকল্পনার অভিযোগে আগের রাতে ১২ জনকে আটক করে পুলিশ।

শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতির পরিকল্পনার অভিযোগে আরও দুইজনকে আটক করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী জানান।  

এরা হলেন- জগন্নাথের ভর্তিচ্ছু শিক্ষার্থী উম্মে কুলসুম নার্গিস এবং ঢাকা কলেজের মনোবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মানিক শেখ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গন থেকে আটক দুজনের মধ্যে মানিককে ‘জালিয়াত চক্রের সদস্য’ উল্লেখ করে অধ্যাপক আমজাদ আলী জানান, তাদের পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে।