২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভুয়া দন্ত চিকিৎসকের কারাদণ্ড

চট্টগ্রামে এক ভুয়া দাঁতের চিকিৎসককে দুবছরের কারাদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2015, 06:48 PM

Updated : 22 Aug 2022, 01:41 PM

দণ্ডিত ইমরান হোসেন উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়লেও দীর্ঘ দিন ধরে নগরীতে ডেন্টাল ক্লিনিক চালিয়ে আসছিলেন।

বৃহস্পতিবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভুইয়া তাকে দণ্ড দেন।

হাসনাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৮ (৩) ধারা অনুসারে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে দুবছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।”

অলঙ্কার শপিং কমপ্লেক্সে ‘ইমরান ডেন্টাল সার্জারি’ নামে ক্লিনিক খুলে গত ইমরান কয়েক বছর ধরে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিলেন বলেও জানান ম্যাজিস্ট্রেট।

“নগরীর ফইল্যাতলি বাজারে এই ক্লিনিকের আরেকটি শাখা আছে।”

এদিকে নিবন্ধন ছাড়াই সার সংরক্ষণ ও বিক্রি করায় এক প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে আরেকটি ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন এ অভিযান পরিচালনা করেন।

তামিম আল ইয়ামিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর টিএসপি গেট এলাকায় মেসার্স সিদ্দিক এন্টারপ্রাইজ নামের ওই প্রতিষ্ঠানের কোনো নিবন্ধন নেই।

“নিবন্ধন ছাড়াই তারা বিভিন্ন রকম সার সংরক্ষণ ও বিক্রি করছিল। এ কারণে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে র‌্যাব-৭ এর একটি দল।

এদিকে চট্টগ্রাম আদালত ভবন এলাকায় এজলাসের বারান্দায় সিগারেট খাওয়ায় তিন ব্যক্তিকে দুশ টাকা করে মোট ছয়শ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব উল আহসান।