২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট হামলা: সাহারাকে জেরা

একুশ অগাস্ট গ্রেনেড হামলার দুই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সাক্ষ্য শেষে তাকে জেরা করেছেন আসামিদের আইনজীবীরা।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2015, 09:18 PM

Updated : 25 Apr 2022, 02:03 PM

মঙ্গলবার তিনি রাষ্ট্রপক্ষে ১৯৫ তম সাক্ষী হিসাবে জবানবন্দি দেওয়ার পর বুধবার তাকে জেরা করেন অন্যতম আসামি আবদুস সালাম পিন্টু এবং মুফতি আব্দুল হান্নানের আইনজীবীরা।

এর আগে গত ১৯ এবং ২০ অক্টোবর এ মামলায় রাষ্ট্রপক্ষে ১৯৪ তম সাক্ষী হিসাবে সাক্ষ্য দেন গোপালগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন পান্না।

ঢাকার নাজিম উদ্দিন রোডের বিশেষ এজলাসে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালে সাহারা খাতুন তার সাক্ষ্যে বলেন, আব্দুস সালাম পিন্টুর বাসায় এবং হাওয়া ভবনে বসে মো. হানিফ, হারিছ চৌধুরী, তারেক রহমান, আবদুস সালাম পিন্টু, কায়কোবাদ, মুফতি হান্নান ২১ অগাস্ট গ্রেনেড হামলার ষড়যন্ত্র করেন।

তিনি জানান, সেদিন বঙ্গবন্ধু এভিনিউয়ের সমাবেশ তিনি উপস্থিত থেকে বক্তৃতা শুনছিলেন। গ্রেনেড হামলায় তিনি মারাত্মক আহত হয়ে প্রথমে ঢাকার তেজগাঁওয়ে আল রাজী হাসপাতালে চিকিৎসা নেন।

পরে শাজাহানপুরের প্যান প্যাসিফিক হাসাপাতালসহ আরও কয়েকটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথাও জানান সাহারা।

এই ট্রাইবুনালের বিশেষ কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিচারক শাহেদ নূর উদ্দিন তার সাক্ষ্য নেওয়ার পর ৩ ও ৪ নভেম্বর পরবর্তী সাক্ষ্য নেওয়ার দিন রেখেছেন।

এ মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষীর সংখ্যা ৪৯২ জন।

সাক্ষ্য দেওয়ার সময় সাবেক মন্ত্রী জামায়াত নেতা আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হুজি নেতা মুফতি আবদুল হান্নানসহ এ মামলায় কারাগারে আটক আসামিদের আদালতে হাজির করা হয়।

জামিনে থাকা আসামি খালেদা জিয়ার ভাগ্নে লেফটেন্যান্ট কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, শহীদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলাটির তিন তদন্ত কর্মকর্তা সাবেক বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান, এএসপি আব্দুর রশীদ ও সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম আদালতে হাজির হন।

২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় গ্রেনেড হামলায় দলের মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রয়াত  রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন।

গ্রেনেডের  আঘাতে আহত হন সমাবেশে আসা কয়েকশ নেতাকর্মী। অল্পের জন্য বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।