মতিঝিলে ‘ছিনতাইকারীর’ গুলিতে রেস্তোরাঁকর্মী নিহত
ঢাকার মতিঝিলে মধ্যরাতে এক রেস্তোরাঁ কর্মচারীকে ‘ছিনতাইকারীরা’ গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
শাপলা চত্বরের কাছাকাছি এলাকায় ওই হামলার শিকার রিয়াদ হোসেনকে (২০) মঙ্গলবার রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, নিহত রিয়াদ মতিঝিলের ‘ঘরোয়া হোটেল’ নামের এক রেস্তোরাঁয় কাজ করতেন। জসীম নামে এক সহকর্মী তাকে হাসপাতালে নিয়ে যান।
তার বরাত দিয়ে পরিদর্শক মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হোটেলের দুই লাখ বিশ হাজার টাকা নিয়ে রিয়াদ, জসীমসহ তিন কর্মচারী রাত ১টার দিকে একটি অটোরিকশায় করে শান্তিনগরে মালিকের বাসায় যাচ্ছিলেন। শাপলা চত্বর পার হয়ে কিছুটা উত্তরে যাওয়ার পর কয়েকজন যুবক তাদের থামানোর চেষ্টা করে।
“কিন্তু চালক গাড়ি না থামিয়ে এগোতে থাকলে তারা গুলি করে। এতে রিয়াদের মুখের কাছে একটি গুলি লাগে। এরপর ছিনতাইকারীরা দৌঁড়ে পালিয়ে যায় বলে জসীম আমাদের জানিয়েছেন।”
নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান মোজাম্মেল।
