২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ বদির দুর্নীতির মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে

কক্সবাজারের সরকারদলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদির সম্পদের তথ্য গোপনের মামলায় সাক্ষীদের জবানবন্দি শোনার দিন পিছিয়ে দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2015, 02:55 PM

Updated : 22 Aug 2022, 01:40 PM

মঙ্গলবার বদির আইনজীবীর করা সময়ের আবেদনে সাড়া দিয়ে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৮ নভেম্বর নতুন দিন রাখেন।

মামলাটি খারিজে হাই কোর্টে যাওয়ার কারণ দেখিয়ে বদির উপস্থিতিতে সময়ের আবেদন করেন তার আইনজীবী মাহবুব উদ্দিন আহম্মেদ।

মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আবদুস সোবহানও আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য হাজির হয়েছিলেন।

রাষ্ট্রপক্ষে দুনীর্তি দমন কমিশনের আইনজীবী কবির হোসাইন জানান, এর আগে তারা (আসামিপক্ষ) হাইকোর্টে অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে গেলেও তা খরিজ হয়।

“পরে মামলা বাতিল চেয়ে আবেদন করেও সেটি প্রত্যাহার করা হয়। এ অবস্থায় বিচার পিছিয়ে দেওয়া কোনোভাবেই যুক্তি ও আইনসঙ্গত নয়।”

দুদকের উপপরিচালক আবদুস সোবহান গতবছর ২১ অগাস্ট ঢাকার রমনা থানায় বদির বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের এই মামলা করেন।

২০০৮ ও ২০১৩ সালে নির্বাচন কমিশনে দাখিল করা সম্পদের বিবরণে মিথ্যা তথ্য দেওয়া এবং ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকার তথ্য গোপনের অভিযোগ আনা হয় ক্ষমতাসীন দলের এই নেতার বিরুদ্ধে।

দুদক নোটিসে গতবছর বদি গতবছর ২০ মার্চ সম্পদের যে হিসাব বিবরণী দাখিল করেছিলেন, তাতে নিজের ও সন্তানদের নামে পাঁচ কোটি ২০ লাখ ১৪ হাজার ৫৩৮ টাকার সম্পদ থাকার কথা জানিয়েছিলেন তিনি।

দুদকের উপপরিচালক মনজুর মোরশেদ চলতি বছর ৭ মে এ মামলায় অভিযোগপত্র দেন। গত ৩ সেপ্টেম্বর বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছিলেন একই বিচারক।

এই মামলায় গতবছর গ্রেপ্তার হয়ে তিন সপ্তাহ কারাগারে ছিলেন আব্দুর রহমান বদি। পরে তিনি হাই কোর্টের অন্তরবর্তীকালীন জামিনে মুক্তি পান।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাংসদ বদির নাম ইয়াবা পাচারের হোতা হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাতেও এসেছে।