Published : 26 Oct 2015, 07:55 PM
স্মার্টকার্ড বিতরণকে সামনে রেখে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের নিয়ে প্রথম সভা করছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।
মঙ্গলবার সকাল ১১ টায় শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠেয় এ সভায় প্রধান নির্বাচন কমিশনার সভাপতিত্ব করবেন।
এতে চার নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী, মো. শাহনেওয়াজ ও ইসি সচিব মো. সিরাজুল ইসলাম উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
মৃতভোটারের তথ্য সংগ্রহে রোববার দেশের সব উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাকে নতুন নির্দেশনা দেওয়া হয়। এক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চৌকিদার ও গ্রাম পুলিশের মাধ্যমে প্রতিটি তথ্য সংগ্রহে ১০ টাকা করে সম্মানিরও ঘোষণা দেয় ইসি।
মৃত ভোটারের নাম অপেক্ষাকৃত কম সংগ্রহ হওয়ায় তা নিয়ে নানা ধরনের কৌশল নেওয়া হচ্ছে। বিশেষ করে হালনাগাদে ঢাকা ও চট্টগ্রামে মৃত ভোটারের তথ্য সংগ্রহ হয়েছে অপেক্ষাকৃত কম।
ইসির উপ সচিব মু. আবদুল অদুদ জানান, প্রথম ধাপে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও ৩৬ জন সাধারণ কাউন্সিলর ও ১২ জন সংরক্ষিত কাউন্সিলরদের নিয়ে সভা হচ্ছে।
স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ঢাকা ক্যান্টনবোর্ডের এক্সিকিউটিভ অফিসার, জেলা ও থানা নির্বাচন কর্মকর্তারা সভায় থাকবেন।
আলোচ্যসূচির বিষয়ে সভার কার্যপত্রে বলা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে মৃত ভোটারের নাম কর্তন, মৃত্যু রেজিস্ট্রার হালনাগাদ করা, শ্মশান ও গোরস্থানের মৃতদের তালিকা সংগ্রহ করার বিষয়ে জনপ্রতিনিধিদের সহায়তা চাইবে ইসি।
সেই সঙ্গে জন্মসনদ দেওয়ার বিষয়ে সতর্ক থাকার অনুরোধও করা হবে।
“প্রকৃত তারিখ নিয়ে যেন জন্মসনদ দেওয়া হয় এবং ১৮ বছর বয়সীদের যাচাই-বাছাই করে জন্মসনদ দিতে হবে।”
এছাড়া স্মার্টকার্ড বিতরণে জনপ্রতিনিধিদের পরামর্শও শুনবে ইসি।
এ বিষয়ে ইসির একজন উপ সচিব বলেন, “স্মার্টকার্ড বিতরণের প্রক্রিয়া অচিরেই শুরু হবে। এক্ষেত্রে ঢাকা অগ্রাধিকার পেতে পারে। কীভাবে এ কার্ড বিতরণ করা যায় সে বিষয়ে জনপ্রতিনিধিদের সহায়তা ও পরামর্শ দেওয়া হবে।”
পরবর্তী ধাপে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের জনপ্রতিনিধিদের সঙ্গেও বৈঠক হতে পারে বলে জানান ইসি কর্মকর্তারা।