বগুড়ায় যুবককে ছুরি মেরে হত্যা
বগুড়ার শাহজাহানপুরে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
নিহত আবু হানিফ (২০) উপজেলার গণ্ডগ্রাম দক্ষিণ পাড়ার মোতালেব হোসেনের ছেলে।
শাজাহানপুর থানার ওসি আলমগীর হোসেন জানান, বুধবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় চাচা মিয়াজ উদ্দিন (৪৮) ও তার ছেলে রনিকে (২৫) আটক করেছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, পারিবারিক বিষয় নিয়ে চাচাতো ভাই রনির সঙ্গে আবু হানিফের বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার রাতে ফুলদীঘি পেপসি কোম্পানির সামনে আবু হানিফকে একা পেয়ে তার পেটে ও পিঠে ছুরিকাঘাত করে রনি।
“গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।”
