কুমারী পূজায় অশুভ শক্তির বিনাশ কামনা
শারদীয় দুর্গোৎসবের অষ্টমীতে কুমারী পূজা পালন করেছেন দেশের হিন্দু ধর্মাবলম্বীরা; পূজায় কুমারী রূপী দেবী দুর্গার জীবন্ত প্রতিমার কাছে অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির সূচনা কামনা করেছেন তারা।
অষ্টমী হল দুর্গোৎসবের সেই মুহূর্ত, যখন অকল্যাণের প্রতীক মহিষাসুর বধকাণ্ড চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়।
এই তিথিতেই শুদ্ধাত্মা দেবী দুর্গার প্রতীক হিসেবে কুমারী কন্যাকে মাতৃরূপে অঞ্জলি দেন সনাতন ধর্মাবলম্বীরা, যার নাম কুমারী পূজা। সাধারণত রামকৃষ্ণ মিশনগুলোই এ পূজার আয়োজন করে।
সারাদেশের রামকৃষ্ণ মিশনের মতো ঢাকার গোপীবাগের রামকৃষ্ণ মঠ ও মিশনে বুধবার সকালে পূজার আয়োজন করা হয়।
বেলা পৌনে ১১টায় কুমারী পূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও মণ্ডপে ভক্তদের ভিড় দেখা যায় সকাল থেকেই।
ভক্তরা ‘কুমারী দেবীর’ চরণে পুষ্পাঞ্জলি দিয়ে প্রাণিকূলের কল্যাণ ও মঙ্গল কামনা করেন। ভিন্ন ধর্মাবলম্বী অনেককেও বিভিন্ন মণ্ডপে উপস্থিত হতে দেখা যায়।
সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, ‘সব নারীর মধ্যে মাতৃরূপের উপলব্ধি’ করতেই এ পূজার আয়োজন। সাধারণত ১৬ বছরের কম বয়সী কন্যা শিশুদের মধ্যে থেকে ‘দেবীত্বের লক্ষণ বিচার করে’ কুমারী নির্বাচন করেন পুরোহিতরা। শাস্ত্রমতে তার একটি নামও দেওয়া হয়।
পূজার আনুষ্ঠানিকতা শুরুর সময় মণ্ডপের গাঁদাফুল আর বেলপাতায় আবৃত আসনে নিয়ে আসা হয় এ বছরের ‘কুমারী দেবী’ প্রণিতা উষ্ণ বন্দোপাধ্যায়কে।
বুধবার শারদীয় দুর্গোৎসবের অষ্টমী তিথিতে ঢাকার রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা
ঘড়ির সময় ঠিক ১১টায় ‘দুর্গা মা-ই কি, জয়’ ধ্বনিতে পূজা শুরু করেন এবারের পূজার পরিচালক কল্যাণ মহারাজ। তার সঙ্গে ‘তন্ত্রধারক’ ছিলেন স্বামী স্থিরানন্দ।
শুরুতেই গঙ্গাজল ছিটিয়ে ‘কুমারী দেবী’কে পরিপূর্ণ শুদ্ধ করে তোলা হয়। এরপর তার পা ধুয়ে নিবেদন করা হয় অর্ঘ্য।
কুমারী পূজার ১৬টি উপকরণ দিয়ে শুরু হয় পূজার আচার। এরপর অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস— এই পাঁচ উপকরণে দেওয়া হয় ‘কুমারী মায়ের’ পূজা।
অর্ঘ্য নিবেদনের পর দেবীর গলায় পরানো হয় পুষ্পমাল্য। পূজা শেষে প্রধান পূজারি আরতি দেন এবং তাকে প্রণাম করেন। সবশেষে মন্ত্রপাঠ করে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে বেলা সাড়ে ১১টায় শেষ হয় কুমারী পূজা।
ভক্তদের পূজা গ্রহণ শেষে বিশ্রামঘরে বসে প্রণিতা সাংবাদিকদের বলেন, “সবাই আমাকে পূজো দিয়েছে, খুবই ভালো লাগছে। আমি সবাইকে আশীর্বাদ করেছি, যেন তারা ভালো থাকে।”
ঢাকার রামকৃষ্ণ মিশনের কুমারী পূজায় ভক্ত ও পুণ্যার্থীদের ভিড়
পূজা শেষে ঢাকা রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দ মহারাজ সাংবাদিকদের বলেন, বঙ্গদেশ ও ভারতবর্ষের নানা অঞ্চলে নবরাত্রির নয়টি শুভ দিনে দুর্গা পূজা হয়। এই শুভ দিনের যে কোনো দিন কুমারী পূজা হতে পারে।
“স্বামী বিবেকানন্দ যখন প্রথম দুর্গাপূজা শুরু করেন, তখন তার গুরু রামকৃষ্ণ একটি কুমারী বালিকাকে শুদ্ধ করে আরাধনা করার কথা বলেছিলেন। সেই থেকে আমাদের রামকৃষ্ণ মঠ ও মিশনগুলোতে দুর্গাপূজার অষ্টমীর দিনে কুমারী পূজা করা হয়।”
এদিকে কুমারী পূজা ছাড়াও পূজা মণ্ডপ ও মন্দিরগুলোতে বুধবার অষ্টমী পূজা হচ্ছে।
ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত নারায়ণ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অষ্টমীতে দেবী দুর্গার চরণে পুষ্পাঞ্জলি, আরাধনা আর দুপুরে ‘মহাপ্রসাদ’ বিতরণ করা হয়।
রাত ৮টা ৪০ মিনিট থেকে ৯টা ৪০ এর মধ্যে অষ্টমী থেকে নবমীতে পদার্পণের ‘সন্ধিপূজা’ হবে বলে জানান তিনি।
