বিদেশিদের নিরাপত্তা ব্যবস্থার প্রশংসায় যুক্তরাষ্ট্র
বাংলাদেশে বিদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের পদক্ষেপের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
“হুমকির মুখে বিদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতার অনুরোধে বাংলাদেশ সরকার ব্যাপকভাবে সাড়া দেওয়ায় আমরা কৃতজ্ঞ,” বলেছেন তিনি।
সোমবার যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেইসবুক পেইজের অনুসারীদের সঙ্গে চ্যাটে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন বার্নিকাট।
সম্প্রতি দুই বিদেশি খুন হওয়ার পর বাংলাদেশে নাগরিকদের চলাফেরায় সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কয়েকটি পশ্চিমা দেশ। বিদেশিদের নিরাপত্তায় রাজধানীসহ সারাদেশে তৎপরতা বাড়ায় সরকার।
এরইমধ্যে যুক্তরাষ্ট্র শনিবার নতুন করে সতর্কতা জারি করে। বাংলাদেশে পশ্চিমাদের উপর সন্ত্রাসী হামলা হতে পারে বলে আগে যে সতর্কতা জারি করা হয়েছিল এখনও সে বিষয়ে ‘নির্ভরযোগ্য তথ্য’ রয়েছে বলে তাদের হালনাগাদ করা নিরাপত্তা বার্তায় বলা হয়।
পরদিন বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতির কঠোর সমালোচনা করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পুরোটার সময় যুক্তরাষ্ট্র একই আচরণ করে আসছে।
বিদেশি নাগরিকদের জন্য সতর্কতা বাড়িয়েছে সরকার
গত ২৮ সেপ্টেম্বর ঢাকায় ইতালির নাগরিক চেজারে তাভেল্লা হত্যাকাণ্ডের পর ৩ অক্টোবর রংপুরে খুন করা হয় জাপানের নাগরিক কুনিও হোশিকে। দুটি ঘটনার পরই আইএস হত্যার দায় স্বীকার করে বলে খবর দেয় জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’। এই পরিস্থিতিতে হঠাৎ করে বাংলাদেশে জঙ্গি উত্থানের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
তবে ওই দুই খুনে আইএসের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি জানিয়ে সরকার বলছে, বাংলাদেশে আইএস বা এ ধরনের কোনো জঙ্গি সংগঠনের তৎপরতা নেই।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আবারও তাভেল্লা ও কুনিওর পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানান।
“তাদের অকারণ মৃত্যু আমাদের সবার উপর প্রভাব ফেলেছে,” বলেন তিনি।
বাংলাদেশে বিদেশিদের উষ্ণ অভ্যর্থনারও প্রশংসা করেন বার্নিকাট।
