যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনায় মুহিত
বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতির কঠোর সমালোচনা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বাংলাদেশে নিজ দেশের নাগরিকদের চলাফেরায় ওয়াশিংটনের সতর্কতা জারির পর ক্ষুব্ধ কণ্ঠে মুহিত বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পুরোটার সময় যুক্তরাষ্ট্র একই আচরণ করে আসছে।
রোববার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এলে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাফেরায় সতর্কতা জারির প্রভাব অর্থনীতিতে কী মাত্রায় পড়তে পারে তা জানতে চান।
ঢাকা ও রংপুরে দুই বিদেশি হত্যাকাণ্ডের পর আগে নাগরিকদের চলাফেরায় সতর্কতা জারি করেছিল যুক্তরাষ্ট্র। সন্ত্রাসী হুমকির আশঙ্কা প্রকাশ করে শনিবার নতুন করে সতর্কতা জারি করা হয়।
মুহিত বলেন, “এটা তাদের (যুক্তরাষ্ট্র) পলিসি, আপনারা যতই চেষ্টা করেন না কেন, এটা খুব বেশি পরিবর্তন হবে বলে আমার মনে হয় না।
“গত সাত বছর ধরে ইউএসএ একই পলিসি কনটিনিউ করছে, ইটস নট এ ম্যাটার ইন দি কান্ট্রি।”
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে আওয়ামী লীগ সরকার সরানোর পর তাতে প্রতিক্রিয়া দেখিয়েছিল ওয়াশিংটন। ৫ জানুয়ারির বিএনপিবিহীন নির্বাচনকেও ভালো চোখে দেখেনি তারা।
তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ মন্ত্রীদের কয়েকজন ওয়াশিংটনের কড়া সমালোচনা করতে গিয়ে দেশটির ১৯৭১ সালের ভূমিকাও তুলে এনেছিল।
বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা দেওয়া নিয়েও ঢাকা-ওয়াশিংটনের মন কষাকষি রয়েছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সরাসরিই বলছেন, রাজনৈতিক কারণে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জিএসপি সুবিধা দিচ্ছে না।
বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের কেন এই নীতি তা স্পষ্ট না করলেও মুহিত মনে করেন, তাদের অবস্থান বাংলাদেশের অর্থনীতিতে কোনো প্রভাব ফেলতে পারবে না।
“তবে এতে আমরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছিও না।… এটা নিয়ে হৈ চৈ করারও কিছু দেখি না,” বলেন তিনি।
বাংলাদেশে দুই বিদেশি খুনের ঘটনার কথা বলতে গিয়ে যুক্তরাষ্ট্রে জঙ্গি হামলা, হত্যাকাণ্ডের ঘটনাগুলোও তুলে ধরেন অর্থমন্ত্রী।
“নিউ ইয়র্কে প্রতিদিন কতজন বাঙালি মারা যায়, সেটা হিসাব করেন। মানুষ হত্যা, বিশেষ করে সিটিতে হত্যার রেকর্ড হোল্ডার হল ইউনাইটেড স্টেটস। এভরিহোয়ার ইট হ্যাপেন্ড, ল অ্যান্ড অর্ডারে প্রবলেম থাকে। বাংলাদেশে ল অ্যান্ড অর্ডার ইজ ওয়ানডারফুল।”
অর্থনীতির বিষয়ে মুহিত বলেন, “আমাদের জিডিপি প্রৃবদ্ধি সাতের কাছাকাছি বললেও আইএমএফ-ওয়ার্ল্ড ব্যাংক সব সময় তা কম বলে প্রচার করে আসছিল। কিন্তু এখন তারাই বলছে এটা ৬ দশমিক ৮ হবে।”
রাজনৈতিক অস্থিরতা এখন না থাকায় একে ‘ভালো বছর’ বলছেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন বৈষম্য নিয়ে কোনো মন্তব্য করেননি বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রধান মুহিত।
“অলরেডি শিক্ষামন্ত্রী এনিয়ে কথাবার্তা বলেছেন। শিক্ষকরা একটা বিশেষ অবস্থানে পৌঁছেছেন, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”
টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করে সরকার বছরের একই দিন একই সঙ্গে সব সরকারি চাকুরের চক্রবৃদ্ধিহারে বেতন বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে, তা অনেকেই বুঝতে পারছেন না বলে মনে করছেন অর্থমন্ত্রী।
“টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করে যে ব্যবস্থা করা হয়েছে একটা সার্টেন লেভেলে পৌঁছার পরে নেক্সট স্কেলে ঢুকে যাবে। এটাই বাস্তবায়ন হবে।”
নতুন পদ্ধতিতে কীভাবে বেতন বাড়বে, তা গেজেট প্রকাশ হলে সবার কাছে স্পষ্ট হয়ে যাবে বলে মনে করেন অর্থমন্ত্রী।
“যারা এটা নিয়ে কথা বলছে তারা বুঝতে পারছেন না। অর্ডার (অষ্টম বেতন কাঠানোর প্রজ্ঞাপন) বের হলে তখন বুঝতে পারবে।”
