গণপরিবহনে ‘নৈরাজ্য’ রোধে অভিযান চালানোর আহ্বান
রাজধানীতে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে সৃষ্ট বিশৃঙ্খলা রোধে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন যাত্রী কল্যাণ সমিতির নেতারা।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক গণশুনানি শেষে সমিতির উপদেষ্টা সৈয়দ আবুল মকসুদ বলেন, যে সরকার ভাড়া বাড়ানোর এখতিয়ার রাখে, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি রোধে তাদেরকেই কঠোর পদক্ষেপ নিতে হবে। কেবল মাত্র যাত্রী হয়রানির দায় স্বীকার করে পার পাওয়ার সুযোগ নেই।
এতে অনিয়ম জেঁকে বসে নৈরাজ্য বেড়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
চলতি মাসের শুরু থেকে ঢাকা ও চট্টগ্রামে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১০ পয়সা হারে বাড়িয়েছে বিআরটিএ। অবশ্য বাস মালিকদের অনেকেই বর্ধিত ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি ভাড়া আদায় শুরু করে।
৪০ শতাংশ বাসমালিক অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে স্বীকার করেছেন স্বয়ং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রোববার সকালে মিরপুরের তালতলায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত এক চালককে এক মাসের কারাদণ্ড দেয় এবং কয়েকটি বাসের চালককে জরিমানা করে।
এর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে কয়েকটি রুটে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে অবরোধ শুরু করে পরিবহন শ্রমিকরা।
গণপরিবহন সংকটের কারণে প্রায় সাত ঘণ্টা ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এ প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে প্রতিদিনই যাত্রীদের সঙ্গে পরিবহনকর্মীদের হাতাহাতি, এমন কী মারামারির ঘটনাও ঘটছে। সারা বছর নিষ্ক্রীয় থেকে কেবলমাত্র দুয়েকদিন আইনি অভিযান চালালে পরিবহন মালিকরা এভাবে সরকারের বিরুদ্ধে ধৃষ্টতা দেখাবে। এজন্য এ ধরনের অভিযান অব্যাহত রাখা জরুরি।”
“অধিকাংশ যানবাহনেরই ফিটনেস নেই। যাত্রীসেবা বিন্দু পরিমাণ নেই। সরকার ভাড়া বাড়ালেও পরিবহনের মান ঠিক করার বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি,” বলেন তিনি।
সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সময়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সাধারণ যাত্রীদের অভিযোগ শুনেন যাত্রীকল্যাণ সমিতির নেতারা।
বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ সেখানে নিজেদের অভিযোগ ও অভিজ্ঞাতার কথা লিখিত আকারে জানায়।
দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান ও কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি গোলাম রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনু মোহাম্মদ, সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, বাসদ নেতা রাজেকুজ্জামান রতন সেখানে উপস্থিত ছিলেন।
আনু মোহাম্মদ বলেন, “যাত্রীদের জিম্মি করে অধিকার আদায়ের অপকৌশল বন্ধ করতে হবে। গণপরিবহনের সংকট নিরসনের পাশাপাশি যাত্রীসেবার মান বাড়াতে সরকারকে উদ্যোগী হতে হবে।”
