বেনাপোল-যশোর রুটে নতুন ট্রেন
বেনাপোল থেকে সরাসরি যশোরে নতুন আরেকটি ট্রেন চলাচল শুরু করছে।
খুলনা থেকে ছেড়ে আসা ‘৯৫/৯৬ আপ-ডাউন’ ট্রেনটি ‘কমিউটার’ নাম নিয়ে মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিটে বেনাপোল থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে জানিয়েছেন বেনাপোল স্টেশনের স্টেশনমাস্টার সাইদুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, নতুন ট্রেনটি মূলত খুলনা থেকে ছেড়ে আসা ট্রেন, যা নতুন নাম নিয়ে বেনাপোল থেকে সকাল ১০টা ১৫ মিনিটে ছেড়ে যশোর পৌছাবে ১১টা ১৫ মিনিটে।
“ওই ট্রেনটিই আবার যশোর থেকে বেলা ১২টায় ছেড়ে বেনাপোল পৌছাবে ১টায়। এটি আবার বেলা ১টা ৩০ মিনিটে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। যশোরে পৌঁছাবে দুপুর আড়াইটায়। এরপর যশোর থেকে বিকাল ৩টা ৭ মিনিটে ছেড়ে খুলনায় পৌঁছাবে বিকাল ৫টায়।”
বেনাপোলের ব্যবসায়ী মশিয়ার রহমান জানান, যশোর-বেনাপোলের মধ্যে আরেকটি ট্রেন চালুর দাবি ছিল অনেকদিন ধরেই।
“সেই দাবি পূরণ হওয়ায় আমরা আনন্দিত। বেনাপোল থেকে যশোরের বাস ভাড়া ৫০ টাকা হলেও ট্রেনের ভাড়া মাত্র ১৭ টাকা। ট্রেনটি চালু হওয়ায় মানুষ উপকৃত হবে।”
