ফোন কল নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ থেকে প্রাণ গেল একজনের
অন্য এক নারীর ফোন কল নিয়ে স্ত্রীর সঙ্গে কলহের এক পর্যায়ে গলায় ফাঁস লাগিয়ে ‘আত্মহত্যার ভান’ করতে গিয়ে গাজীপুরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের ইসলামপুর এলাকায় শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের এসআই মো. জাকির হোসেন জানান।
নিহত রানা আহমেদ (২৫) ময়মনসিংহের গৌরীপুর থানার সিধলা এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি গাজীপুরের ইসলামপুর এলাকার একটি ওয়াশিং কারখানায় কাজ করতেন।
এসআই জাকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত সাড়ে ৭টার দিকে কারখানা থেকে রানা বাসায় ফিরলে হঠাৎ করে এক নারী তার মোবাইলে ফোনে করেন। এ সময় মোবাইলের কাছে কান পেতে স্বামীর সঙ্গে ওই নারীর ফোনালাপ শোনেন রানার স্ত্রী মাজেদা বেগম (১৮)।
কথোপকথন শেষে কে ফোন করেছিল তা স্ত্রী জানতে চাইলে রানা তাকে শাসান। পরে রাত ৯টার দিকে তাদের মধ্যে কলহের একপর্যায়ে রানা স্ত্রীকে মারধর করেন বলে এসআই জাকির জানান।
“এক সময় দরজায় তালা আটকিয়ে রানা তার স্ত্রীর সামনে চেয়ারে দাঁড়িয়ে ঘরের আড়ার সঙ্গে বাঁধা ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যার ভান করেন। এক পর্যায়ে পায়ের সঙ্গে ধাক্কা লেগে চেয়ারটি সরে গেলে রানার গলায় ওড়নার ফাঁস লেগে যায়। মাজেদা স্বামীর দুই পা ধরে উঁচু করে রাখেন এবং চিৎকার করে লোক ডাকতে থাকেন।”
বাইরে থেকে লোকজন দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হয় জানিয়ে এসআই বলেন, “একপর্যায়ে রানার পরনের লুঙ্গীর গিট থেকে চাবির ছড়াটি পড়ে যায়। এসময় স্বামীর পা ছেড়ে দরজায় আটকানো তালাটি খুলতে যান মাজেদা বেগম। পরে লোকজন এসে রানাকে উদ্ধারের কিছুক্ষণ পরই তিনি মারা যান।“
খবর পেয়ে পুলিশ রাতেই তার লাশ উদ্ধার করে। এ বিষয়ে রোববার জয়দেবপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
পুলিশ কর্মকর্তা জাকির জানান, ছয় মাস আগে রানা ও মাজেদার বিয়ে হয়। একমাস আগে তারা ইসলামপুরের ওই ভাড়া বাসায় ওঠেন।
