২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে বখাটের ছুরিকাঘাতে কিশোরী আহত

কিশোরগঞ্জ সদরে এক বখাটে তরুণের ছুরিকাঘাতে এক কিশোরী আহত হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 07:46 PM

Updated : 22 Aug 2022, 01:32 PM

রোববার সকালে চৌদ্দশত ইউনিয়নের নান্দলা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে নির্জন এলাকায় ওঁৎ পেতে তৌফিক ছুরি দিয়ে ওই কিশোরীকে আঘাত করে। কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়।

ওসি মীর মোশারফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, গুরুতর জখম দশম শ্রেণির ওই ছাত্রীকে প্রথমে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

“তৌফিক ধারালো ছোরা দিয়ে ওই ছাত্রীর গলা, কাঁধ ও পিঠে আঘাত করেছে।”

অভিযুক্ত পনকলিমা গ্রামের তৌফিককে (১৮) এখনও আটক করতে পারেনি পুলিশ।

‘প্রেমের প্রস্তাবে’ রাজি না হওয়ায় তৌফিক ওই কিশোরীকে ছুরিকাঘাত করে বলে জানিয়েছেন কিশোরীর স্বজন ও স্থানীয়রা।

কিশোরীর বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছুদিন ধরেই তৌফিক তার মেয়েকে উত্যক্ত করত।

নান্দলা মাধ্যমিক স্কুলের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বখাটে তৌফিক প্রায়ই মেয়েটিকে উত্যক্ত করত। একবার শালিসে তার বিচারও হয়।

এদিকে এঘটনায় শিক্ষার্থীর স্বজনরাসহ ক্ষুব্ধ এলাকাবাসী কিশোরগঞ্জ-ভৈরব সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দিলে দুঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয় বলে ওসি জানান।

তিনি বলেন, “থানায় এখনো কোনও মামলা হয়নি। সন্দেহভাজন ওই তরুণকে আটকের চেষ্টা চলছে।”