মুহুরি মোস্তফা হত্যার পেছনে ‘পরকীয়া’
বিবাহিত তরুণীর সঙ্গে পরকীয়ায় জড়ানোর কারণেই জামালপুর জজ আদালতের মুহুরি গোলাম মোস্তফাকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
এই হত্যার ঘটনায় জামালপুরের দড়িপাড়া থেকে আটক আলতাফ হোসেন শুক্রবার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
আলতাফকে সঙ্গে নিয়ে ওই তরুণীর স্বামী টাঙ্গাইলের মির্জাপুরের শামসুল হকের ছেলে পারভেজই হত্যাকাণ্ড ঘটান।
গোলাম মোস্তফা হত্যায় পারভেজের স্ত্রীকেও আটক করেছে পুলিশ। তবে ঘটনার সময় বাবার বাড়িতে থাকায় ওই তরুণী হত্যার সঙ্গে জড়িত ছিলেন না বলে পুলিশের ধারণা।
গত ৯ অক্টোবর টালিয়াপাড়া গ্রামে শেরপুর-জামালপুর সড়কের পাশ থেকে মোস্তফার বস্তাবন্দি হাত-পা বাঁধা লাশ পাওয়া যায়।
পরদিন ময়নাতদন্ত শেষে ‘বেওয়ারিশ’ হিসেবে তার লাশ দাফন করা হয়। ওই দিনই সদর থানার এসআই বশির আহমেদ বাদল শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গত সোমবার স্বজনরা থানায় লাশের ছবি ও পোশাক দেখে মোস্তফাকে শনাক্ত করে। পরে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পারভেজের স্ত্রীকে ১৩ অক্টোবর জামালপুর জেলার ইসলামপুরে তার বাবার বাড়ি থেকে আটক করা হয়।
পারভেজের স্ত্রীর তথ্যের ভিত্তিতে শুক্রবার আলতাফকে গ্রেপ্তার করা হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর সদর থানার এসআই জহুর আলী।
থানার ওসি মাজহারুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তার আলতাফকে শুক্রবার শেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে তোলা হয়। জবানবন্দীতে সে মোস্তফা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে।
“জবানবন্দীতে আলতাফ বলেছে, পারভেজের স্ত্রীর সঙ্গে সম্পর্কের কারণেই মোস্তফাকে হত্যা করা হয়েছে।”
ওসি বলেন, “পারভেজ গত ৮ অক্টোবর রাতে মোস্তফাকে ধরে জামালপুরের দড়িপাড়ায় তার ভাড়া বাসায় নিয়ে যায়। সে সময় আলতাফ তার সঙ্গে ছিল। সেখানে নেওয়ার পর মোস্তফার হাত-পা বাঁধা হয়। আলতাফ পা ধরে রাখে এবং পারভেজ মুহুরি মোস্তফার গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।
“পরদিন সকাল ৮টার দিকে কম্বল ও লেপ দিয়ে লাশ পেঁচিয়ে চটের বস্তায় ভরে অটোরিকশায় করে শেরপুর-জামালপুর সড়কের পাশে শেরপুর সদর উপজেলার টালিয়াপাড়ায় ফেলে পালিয়ে যায় তারা।”
শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল মো. শাহজাহান মিয়া জানান, নিহত গোলাম মোস্তফা জামালপুর জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ফজলুল বারীর সহকারী ছিলেন।
মোস্তফার বাড়ি জামালপুরের বকশিগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামে হলেও থাকতেন জেলা শহরের সকালবাজার এলাকার বাসায়।
পারভেজের স্ত্রীর বাবার বাড়িও জামালপুরে। পারভেজের সঙ্গে বিয়ের আগে থেকেই ওই তরুণীর সঙ্গে মোস্তফার পরিচয় ছিল বলে জানা গেছে।
হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী পারভেজকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা এসআই জহুর আলী।
