সাত খুনের হোতাদের বিচার চান সেলিনা
সাত খুন মামলার আসামি নূর হোসেনকে ফেরত আনায় ভারতের আদালতের অনুমতির পর নিহত কাউন্সিলর নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি এ হত্যাকাণ্ডের হোতাদের বিচার চেয়েছেন।
শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় পৈতৃক বাড়িতে সাংবাদিকদের এসব কথা বলেন সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলর।
নূর হোসেনকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের আদালতের আদেশের প্রতিক্রিয়ায় সেলিনা ইসলাম বিউটি বলেন, “নূর হোসেনকে ফেরত দেওয়ার ব্যাপারে আদালতের সিদ্ধান্তে আমি মামলার বাদী হিসেবে খুশি।
“সাত খুনের মূল হোতা নুর হোসেনকে ফিরিয়ে আনার ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য আমি বাংলাদেশ এবং ভারত সরকারের কাছে কৃতজ্ঞ।”
নুর হোসেনকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে আদালতে হাজির করার দাবি জানিয়ে তিনি বলেন, পুরো পৃথিবী জানতে চায়, নূর হোসেনের মুখ থেকে শুনতে চায় এই হত্যাকাণ্ডের পরিকল্পনায় আর কে কে জড়িত ছিল।
“অর্থের জোগানদাতা কে? এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা কে? আমার স্বামীর সঙ্গে তো র্যাবের বিরোধ ছিল না। তাকে হত্যা করতে র্যাবকে ব্যবহার করা হয়েছে।”
নূর হোসেনকে গ্রহণ করতে প্রস্তুত পুলিশ
নূর হোসেনকে ফেরত আনার বিষয়ে সন্ধ্যায় নারায়ণগঞ্জ পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, নূর হোসেন এতদিন অন্য একটি দেশে বিচারিক প্রক্রিয়ার মধ্যে ছিল।
“তাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা প্রথম থেকেই সক্রিয় ছিলাম।”
এখন দুই দেশের কূটনৈতিক পর্যায়ে পরবর্তী কর্মপন্থা নির্ধারিত হবে জানিয়ে তিনি বলেন, “নূর হোসেনকে হস্তান্তরে দিন, ক্ষণ, স্থান নির্ধারিত হলে তদন্তকারী সংস্থা হিসেবে আমরা তাকে গ্রহণ করতে প্রস্তুত রয়েছি।”
শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের একটি আদালত নূর হোসেনকে ফেরত পাঠানোর জন্য তার বিরুদ্ধে দায়ের করা অবৈধ অনুপ্রেবেশের মামলা তুলে নেওয়ার বিষয়ে সেদেশের পুলিশের আবেদন মঞ্জুর করে।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাত জনকে অপহরণ ও হত্যার ঘটনার পর পালিয়ে ভারতে গিয়ে ধরা পড়েন সিদ্ধিরগঞ্জের আওয়ামী লীগ নেতা নূর হোসেন।
তখনই তার বিরুদ্ধে ভারতের পাসপোর্ট আইনে মামলা হয়; গতবছর ১৮ অগাস্ট সেই মামলায় অভিযোগপত্র দেয় বাগুইআটি থানা পুলিশ।
গত ৩০ এপ্রিল লাশ উদ্ধারের ছবি
এর এক পর্যায়ে গত মার্চে ভারতের সংকেত পেয়ে নূর হোসেনকে ফিরিয়ে আনতে প্রস্তুতি নেওয়া হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশের একটি প্রতিনিধি দলকে বেনাপোল সীমান্তে পাঠানোর জন্য চিঠিও দেওয়া হয়েছিল। কিন্তু ভারতে মামলা থাকায় সে সময় নূর হোসেনকে ফেরানো যায়নি।
গত বছরের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাত জন অপহরণ হয়।
ঘটনার তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
এই ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে নূর হোসেনসহ ছয় জনের নাম উল্লেখ করে একটি ও আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
গত ৯ এপ্রিল দীর্ঘ প্রায় এক বছর তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল নূর হোসেন, র্যাবের সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল (অব্যাহতিপ্রাপ্ত) তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব্যাহতিপ্রাপ্ত) আরিফ হোসেন ও লে. কমান্ডার (অব্যাহতিপ্রাপ্ত) এম এম রানাসহ ৩৫ জনের নামে অভিযোগপত্র দাখিল করেন।
একটি মামলার বাদী নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি অভিযোগপত্র থেকে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়াসহ ৫ আসামিকে অব্যাহতি দেওয়ায় তিনি জেলা ও দায়রা জজ আদালতে নারাজির আবেদন পুনর্বিবেচনার জন্য রিভিশন মামলা দায়ের করেন, যা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
বর্তমানে র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২২ জন কারাগারে আটক রয়েছেন। পলাতক রয়েছেন র্যাবের ৮ সদস্যসহ ১৩ জন।
