২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজিদের লাগেজ ব্যবস্থাপনায় বিমানের ‘অবহেলা’

ঢাকায় ফিরে লাগেজ না পাওয়ার বিড়ম্বনার সঙ্গে সৌদি আরবে এই দায়িত্ব পালন নিয়েও বিমানের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এসেছে হাজিদের কাছ থেকে।

আশিক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2015, 05:20 PM

Updated : 22 Aug 2022, 01:29 PM

দেশে ফিরে আসা কয়েকজন হাজি বলেছেন, মক্কা ও মদিনায় যে লাগেজ সেন্টার বিমান করেছে, সেখানে দেখভালের জন্য সংস্থার কোনো কর্মকর্তা-কর্মচারী ছিলেন না। ফলে দায়িত্ব পালনরত এজেন্ট কোম্পানির কর্মীরা নানা অনিয়ম করছে। 

গত বছরের মতো এবারও হাজিদের সুবিধার জন্য মক্কা ও মদিনায় তিনটি লাগেজ সেন্টার করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা।

এই সেন্টারগুলোর জন্য সৌদি আরবের এজেন্ট নিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। এজেন্ট প্রতিষ্ঠানটির কর্মীরা হাজিদের মালামাল নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে।

হজফেরত একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মালামাল আনা-নেওয়া কীভাবে হচ্ছে, তা দেখার জন্য বিমানের কোনো প্রতিনিধি সেখানে নেই।

“এ সুযোগে এজেন্ট প্রতিষ্ঠানের কর্মীরা অবৈধ অর্থের বিনিময়ে বেশি ওজনের মালামালও পার করে দিচ্ছে। আমি একজনের কাছে শুনেছি, সে ১০ রিয়াল দিয়ে ১০টি ৩০, ৪০ ‍ও ৫০ কেজি ওজনের ব্যাগ পার করেছে।” 

মক্কার চেয়ে মদিনায় এ অনিয়ম আরও প্রকট বলে দাবি করেছেন আরেকজন হাজি। তবে তিনিও নামও প্রকাশ করতে রাজি হননি।

“বিমানের পক্ষ থেকে সেখানে দেখার কেউ নেই। এ সুযোগ অসাধু কিছু হ্যান্ডলিং এজেন্ট অবৈধ অর্থ কামিয়ে নিচ্ছেন। টাকা দিলে ইচ্ছা মতো ওজনের ব্যাগ পার করে দিতে দেখা গেছে।”

বিমান যে এজেন্ট নিয়োগ দিয়েছে, ওই কোম্পানির অধিকাংশ কর্মী ভারতীয় বলে জানান এই হাজি।

এই বিষয়ে বিমানের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত বছর বিমানের একজন নিরাপত্তা কর্মকর্তা এ বিষয়টি দেখার জন্য সেখানে ছিলেন। এ বছর কোনো কর্মকর্তা না থাকার সুযোগে এ ধরনের অনিময় হয়েছে বলে আমরাও জানতে পেরেছি।”

তবে অনিয়মের এ অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মাজহারুল ইসলাম।

Image
লাগেজ নিয়ে শাহজালাল বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন কয়েকজন হাজি, এই লাগেজ নিয়ে বিড়ম্বনার অভিযোগ অনেক হাজির

লাগেজ নিয়ে শাহজালাল বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন কয়েকজন হাজি, এই লাগেজ নিয়ে বিড়ম্বনার অভিযোগ অনেক হাজির

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি মনে করি এ অভিযোগ সত্য নয়।

“এজেন্ট নিয়োগ করা হয়েছে যেন যাত্রীদের লাগেজ নিয়ে ভোগান্তি পোহাতে না হয় এজন্য। হয়ত কারও কাছে এক্সট্রা লাগেজ ছিল, তার টাকা নেওয়া হয়েছে। যিনি অনিয়মের কথা বলেছেন, হয়ত না বুঝেই বলেছেন।”

চলতি বছর হজযাত্রীদের জন্য ৪০ কেজি লাগেজ বহনের সর্বোচ্চ সীমা বেঁধে দেয় বিমান। এছাড়া একজন হজযাত্রী জমজমের পানি ও ৭ কেজি হাত লাগেজ বহন করতে পারবেন।

বড় দুটি দুর্ঘটনার পর এবার হজ থেকে ফিরে লাগেজ না পাওয়ার অভিযোগ করেছিলেন অনেকে।

তখন বিমানের পক্ষ থেকে জেদ্দা বিমানবন্দর কর্তৃপক্ষের দিকে অভিযোগ ঘুরিয়ে দেওয়া হয়।

বিমানের জনসংযোগ কর্মকর্তা তাসনিম আক্তার ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “এমনিতে প্রতিবছর জেদ্দা কর্তৃপক্ষ আমাদের যাত্রীদের চেকিংয়ে বেশি সময় নেয়। এ বছর ক্রেইন দুর্ঘটনা ও মিনা ট্র্যাজেডির পর চেকিংয়ের মাত্রা আরও বাড়ানো হয়েছে। লাগেজ লোডও হচ্ছে দেরিতে।”

ফ্লাইট দেরি হওয়ায় সময় জেদ্দা বিমানবন্দরে বিশ্রামের স্থান না পেয়ে গরমের মধ্যে বাইরে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার বিরূপ অভিজ্ঞতার কথাও জানিয়েছেন অনেকে।

পুরনো খবর:

ফ্লাইট বিলম্বে হাজিদের দুর্ভোগ
জেদ্দা থেকেই দুর্ভোগ, অভিযোগ হাজিদের
হজে অনিয়ম: ধর্মমন্ত্রীর দিকে আঙুল সচিবের