ফ্লাইট বিলম্বে হাজিদের দুর্ভোগ
ফ্লাইট বিলম্বিত হওয়ায় সৌদি আরব থেকে দেশে ফেরার পথে দুর্ভোগে পড়ার কথা জানিয়েছেন হাজিরা।
বুধবার দেশের প্রধান বিমানবন্দর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মক্কা ফেরত হজযাত্রীরা তাদের ভোগান্তির কথা তুলে ধরেন।
এদের একজন পটুয়াখালীর আনিসুর রহমান, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুপুরে ঢাকা আসেন তিনি।
বিমানবন্দরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সৌদি আরবের সময় সোমবার বিকালের একটি ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল তার।
“শেষ মুহুর্তে জানানো হলো আমার ফ্লাইটের তারিখ পরিবর্তন হয়েছে। এরপর দুই দিন এয়ারপোর্টেই থাকতে হয়েছে।”
কোনো কারণে ফ্লাইটের সময় পরিবর্তন হলে পরবর্তী ফ্লাইট পর্যন্ত যাত্রীদের থাকা ও খাওয়ার ব্যবস্থা সংশ্লিষ্ট এয়ারলাইন্সের করার কথা থাকলেও আনিসুরের অভিযোগ কারও কাছ থেকে সহযোগিতা পাননি তিনি।
“এক গ্লাস পানি দেওয়ার মতোও কেউ ছিল না। বিষয়টা এমন হয়েছে যে, যাদের সেবা দেওয়ার কথা তাদের স্যার স্যার বলেও কোনো লাভ হয়নি।”
হজ এজেন্সি আল আরাফা এভিয়েশনের কর্মকর্তা সাইদুল ইসলাম দুপুরে বিমানবন্দরের আগমনী টার্মিনালের বাইরে অপেক্ষা করছিলেন তার প্রতিষ্ঠানের মাধ্যমে হজে যাওয়া তিনজনের ফেরার জন্য।
রাজধানীর বাড্ডা এলাকার বাসিন্দা সুলতান আহমেদও জানালেন ভোগান্তির কথা।
“নির্দিষ্ট সময়ের দুই ঘণ্টা পরে ফ্লাইটটি রওয়ানা দেয়। উড়োজাহাজে অসুবিধা না হলেও জেদ্দা এয়ারপোর্টে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে। কেউই স্পষ্ট করে বলছিল না কখন ফ্লাইট আসবে,” বলেন তিনি।
চলতি বছর বিলম্ব দিয়েই হজফিরতি ফ্লাইট শুরু করে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গত ২৮ সেপ্টেম্বর নির্ধারিত সময়ের সাত ঘণ্টা পরে ঢাকায় পৌঁছায় বিমানের বোয়িং-৭৭৭ উড়োজাহাজ।
হজ যাত্রীদের ফেরাতে বুধবার ছয়টি নিয়মিত ও সিডিউল ফ্লাইট রয়েছে বিমানের। আর সৌদি এ্যারাবিয়ন এয়ারলাইন্সের রয়েছে পাঁচটি নিয়মিত ও সিডিউল ফ্লাইট।
দুপুর আড়াইটায় বিমানের আরেকটি ফ্লাইট হজযাত্রীদের দেশে ফিরিয়ে আনে। তিনটি ফ্লাইটই নির্ধারিত সময়ে জেদ্দা থেকে উড়াল দিতে ব্যর্থ হয় বলে যাত্রীরা জানান। এর কারণে ফ্লাইটগুলো নির্ধারিত সময়ের দুই থেকে তিন ঘণ্টা পরে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
এ বিষয়ে বিমানের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেদ্দা হজ টার্মিনালে হাজীদের ‘অস্বাভাবিক’ চাপ এবং পবিত্র হারাম-শরীফ এলাকায় সৌদি কর্তৃপক্ষের বিশেষ নিরাপত্তাজনিত ব্যবস্থায় হাজীদের বিলম্বে বিমানবন্দরে রিপোর্টিংয়ের কারণে বিমানের প্রথম ফিরতি হজ-ফ্লাইট বিলম্বে দেশে পৌঁছায়।
জেদ্দা বিমানবন্দরের পরিস্থিতির কারণে বিমানসহ অন্যান্য এয়ারলাইন্সের হজ-ফ্লাইটগুলোও বিলম্বে আসছে।
চলমান এ অবস্থা আগামী দুই থেকে তিনদিন ধরে চলবে বলে বিজ্ঞপ্তিতে বলে বলা হয়।
বাংলাদেশ ও সৌদি আরব সরকারের মধ্যকার চুক্তি অনুযায়ী বিমান ও সৌদি এ্যারাবিয়ান এয়ারলাইন্সকে হজযাত্রী পরিবহনের দায়িত্ব দেওয়া হয়েছে।
এবার হজ মৌসুমের শুরুর দিকেই মক্কার কাবা শরিফ ঘিরে থাকা মসজিদ আল-হারামে একটি ক্রেইন উল্টে পড়ে ১১৭ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে একজন বাংলাদেশি ছিলেন।
আর হজের আনুষ্ঠানিকতার শেষভাগে গত ২৪ সেপ্টেম্বর মিনায় ‘শয়তানের স্তম্ভে’ পাথর ছুড়তে যাওয়ার পথে পদদলনে ৭৬৯ নিহত ও ৯৩৪ জন আহত হন।
রোববার পর্যন্ত নিহতদের মধ্যে ৬৫০ জনের ছবি প্রকাশ করেছে সৌদি সরকার। তাদের মধ্যে ২৬ জন বাংলাদেশি বলে নিশ্চিত করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশি হাজিদের ফিরিয়ে আনতে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত বিমানের হজ ফ্লাইট চলবে।
