দিনাজপুরে অটোরিকশার ধাক্কায় কলেজছাত্রী নিহত
দিনাজপুর শহরে অটোরিকশার ধাক্কায় এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
সোমবার দুপুরে দিনাজপুর সরকারি মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত প্রীতিলতা রায় (১৭) দিনাজপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী এবং চিরিরবন্দর উপজেলার নানিয়াটিকর গ্রামের ধীরেন্দ্রনাথ রায়ের মেয়ে।
এ ঘটনার পর দুঘণ্টারও বেশি সময় বালুবাড়ী সড়ক অবরোধ করে কলেজের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসনাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ২টার দিকে ওই কলেজের সামনে বালুবাড়ী সড়ক পার হচ্ছিলেন প্রীতিলতা।
“এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি মুখে ও মাথায় আঘাত পান। স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
পরিদর্শক হাসনাত জানান, দুর্ঘটনার পর ওই কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন বালুবাড়ী সড়ক অবরোধ করে ও টায়ার জ্বেলে বিক্ষোভ শুরু করে।
পরে সদর সার্কেলের এএসপি সুশান্ত সরকার ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার পর বিকাল সোয়া ৪টার দিকে তারা অবরোধ তুলে নেয় বলে জানান হাসনাত।
এএসপি সুশান্ত সরকার বলেন, পালিয়ে যাওয়া অটোরিকশা চালককে গ্রেপ্তার করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
