২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবহন খাতে শৃঙ্খলা আনাই চ্যালেঞ্জ: সড়কমন্ত্রী

বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলেও পরিবহন খাতে শৃঙ্খলা আনা না গেলে তার কোনো সুফল মিলবে না বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2015, 12:02 AM

Updated : 25 Apr 2022, 01:59 PM

“যে কোনো মূল্যে পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনাটাই আমার এখন বড় চ্যালেঞ্জ। শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারলে আমরা যতই পদ্মা সেতু করি, ফ্লাইওভার করি, কিংবা কর্ণফুলী চ্যানেল করি না কেন, তা সুফল বয়ে আনবে না।”

রোববার মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়ক পরিদর্শনের সময় সাংবাদিকদের একথা বলেন তিনি।

সড়ক-মহাসড়কের পাশে থাকা বিলবোর্ড নিয়ে আগের মতোই অসন্তোষ প্রকাশ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য।

“শোকের মাস শেষ হয়ে গেছে, ৪০ দিনের কর্মসূচিও শেষ হয়েছে। তবুও মহাসড়ক থেকে বিলবোর্ড সরিয়ে ফেলা হয়নি।”

অপ্রয়োজনীয় বিলবোর্ডগুলো সরিয়ে না ফেললে তা অপসারণে ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী।

তিনি বলেন, এক মাস পর ঢাকা-আরিচাসহ সারাদেশে সড়ক ও মহাসড়ক অবৈধ স্থাপনা দখলমুক্ত করা হবে। এ সময় রাজনৈতিক ব্যক্তিসহ প্রভাবশালীদের কোনো বাধাই আসুক না কেন তা আমলে নেওয়া হবে না।

এর আগে মন্ত্রী মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বাস চালকদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র পরীক্ষা করেন। কয়েকজন চালক ও গাড়ির বিরুদ্ধে মামলা নিতে পুলিশ সুপারকে নির্দেশ দেন তিনি।