এশিয়ান হাসপাতালের ৩ চিকিৎসক ফের রিমান্ডে
তিনটি নবজাতকের মৃত্যুর ঘটনায় ঢাকার লালমাটিয়ার এশিয়ান কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতালের তিন চিকিৎসককে হেফাজতে নিয়ে আবারও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
অবহেলায় নবজাতকের মৃত্যুর মামলায় ঢাকার মহানগর হাকিম মুহাম্মদ রাশেদ তালুকদার সোমবার তিন চিকিৎসককে পুলিশ রিমান্ডে পাঠানোর এই আদেশ দেন।
তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই কমল কৃষ্ণ সাহা সাত দিন হেফাজতে চাইলেও হাকিম একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।
চিকিৎসকদের পক্ষে রিমান্ড বাতিল করে জামিনের আবেদন হলেও তা নাকচ হয়ে যায়।
তিন চিকিৎসক হলেন শিশির রঞ্জন দাস, আফতাব উদ্দিন ও আব্দুল্লাহ আল আহাদ। আহাদ বেসরকারি এই হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালকর দায়িত্বেও রয়েছেন।
গত ২ অক্টোবর রাতে এক ঘণ্টায় ওই হাসপাতালটিতে তিন শিশুর মৃত্যু হলে অভিভাবকদের বিক্ষোভের পর স্বাস্থ্য অধিদপ্তর নানা অনিয়মের অভিযোগ পেয়ে হাসপাতালটি বন্ধ করে দেয়।
এরপর গ্রেপ্তার ওই তিন চিকিৎসককে দুই দিন করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ।
এই মামলায় হাসপাতালটির চেয়ারম্যান আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান, ব্যবস্থাপক লিয়াকত আলী এবং প্রসূতি ও ধাত্রীবিদ্যা চিকিৎসক আফরিনও আসামি। তবে তারা পলাতক।
