পটুয়াখালী ও সাতক্ষীরায় ২ জামায়াত নেতা গ্রেপ্তার
নাশকতা ও সহিংসতার মামলায় পটুয়াখালী ও সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পটুয়াখালী সদর থানার ওসি কে এম তারিকুল ইসলাম জানান, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল সালাম খানকে শুক্রবার বেলা ১টার দিকে শহরের বহালগাছীয়া এলাকায় থেকে গ্রেপ্তার করা হয়েছে।
“নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর পরিকল্পনার অভিযোগে সালামকে গ্রেপ্তার করা হয়েছে।”
এছাড়া সদর থানায় তার নামে নাশকতার একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।
এদিকে, বৃহস্পতিবার গভীর রাতে সাতক্ষীরার তালা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মফিদুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
পাটকেলঘাটা থানার ওসি তরিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তালা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মফিদুলকে গভীর রাতে পাটকেলঘাটা থানার ইসলামকাটী মোড় থেকে পুলিশ গ্রেপ্তার করে। তার বাড়ি তালার কাটাখালি গ্রামে।
মফিদুলের বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় সহিংসতা সৃষ্টির অভিযোগে সুনির্দিষ্ট মামলা রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
