২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোলার পার্ক হচ্ছে টেকনাফে

টেকনাফে দুইশ মেগাওয়াট (এসি) সোলার পার্ক স্থাপনসহ তিনটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2015, 06:58 PM

Updated : 22 Aug 2022, 01:22 PM

সচিবালয়ে বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন পায়।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মাকসুদুর রহমান পাটওয়ারী সাংবাদিকদের জানান, বেসরকারি খাতে টেকনাফে ২০০ মেগাওয়াট (এসি) ক্ষমতাসম্পন্ন সোলার পার্ক স্থাপন করবে সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি ‘সানএডিশন এনার্জি হোল্ডিং পিটিই লিমিটেড’।

‘বিল্ড-ওন-অপারেট’ (বিওও) এবং ‘নো ইলেক্ট্রিসিটি-নো পেমেন্ট’ ভিত্তিতে ২০ বছর মেয়াদে এ সোলার পার্কটি স্থাপন করা হবে। এখান থেকে উৎপাদিত বিদ্যুতের দাম ধরা হয়েছে প্রতি কিলোওয়াট/ঘণ্টা ১৩ টাকা ২৬ পয়সা।

অতিরিক্ত সচিব বলেন, ‘হরিপুর ১১০ মেগাওয়াট ডুয়েল-ফুয়েল বার্জ মাউন্টেড আইপিপি বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ দুই বছর বাড়ানোসহ ট্যারিফও পুনর্নিধারণ করা হয়েছে।

“বর্ধিত মেয়াদের জন্য প্রতি কিলোওয়াট/ঘণ্টা ট্যারিফ হার ধরা হয়েছে ১৫ টাকা ৪৪ পয়সা। এ বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনা করছে ‘এনইপিসি কনসোর্টিয়াম পাওয়ার লিমিটেড’।

এছাড়া ‘পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে ১৮ লাখ গ্রাহক সংযোগ’ শীর্ষক প্রকল্পের টেন্ডার সাব-প্যাকেজের আওতায় বিভিন্ন আইটেমের নয় হাজার ৩৫০ কিলোমিটার কন্ডাক্টর, এসিএসআর ও বেয়ার ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

মাকসুদুর রহমান জানান, ইস্টার্ন ক্যাবলস লিমিটেড এসব সামগ্রী সরবারহ করবে, এতে ব্যয় হবে ৪৪ কোটি ১৬ লাখ টাকা।