তাজরীনে অগ্নিকাণ্ডের মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে
বিচারক ছুটিতে থাকায় ও সাক্ষী উপস্থিত না হওয়ায় আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে হতাহতের মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে গেছে।
তিন বছর আগের ওই ঘটনায় দায়ের হওয়া এই মামলায় বৃহস্পতিবার ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে সাক্ষ্যগ্রহণ শুরুর কথা ছিল।
কিন্তু মূল বিচারক এস এম সাইফুল ইসলাম ছুটিতে থাকায় রাষ্ট্রপক্ষের আবেদনে ভারপ্রাপ্ত বিচারক দ্বিতীয় যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্য আগামী ১ নভেম্বর সাক্ষ্য নেওয়ার জন্য নতুন দিন ঠিক করে দেন।
এদিন আদালতে মামলার কোনো সাক্ষীও হাজির হননি বলে জানিয়েছেন আদালতের পেশকার কল্যাণ কুমার সিংহ।
অপরাধজনক প্রাণনাশের অভিযোগে ঢাকা জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান গত ৩ সেপ্টেম্বর ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১১ জন নিহত হন। আহত ও দগ্ধ হন আরও দুই শতাধিক শ্রমিক।
পরদিন আশুলিয়া থানার এসআই খায়রুল ইসলাম অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক একেএম মহসিনুজ্জামান খান ২০১৩ সালের ২২ ডিসেম্বর ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে তাজরীন ফ্যাশনসের এমডি দেলোয়ারসহ ১৩ জনকে আসামি করে অভিযোগপত্র দেন।
অন্য আসামিরা হলেন- দেলোয়ারের স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাহমুদা আক্তার মিতা, প্রশাসনিক কর্মকর্তা দুলাল, স্টোর ইনচার্জ হামিদুল ইসলাম, আনিসুর রহমান, সিকিউরিটি গার্ড রানা ওরফে আনারুল, সিকিউরিটি সুপারভাইজার আল-আমিন, স্টোর ইনচার্জ আল-আমিন ও লোডার শামীম মিয়া।
এ মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ যাবজ্জীবন করাদণ্ড হতে পারে আসামিদের।
