২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য জেলায় ছাত্র ধর্মঘট ৭ অক্টোবর

পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে আগামী ৭ অক্টোবর তিন পার্বত্য জেলায় ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে সন্তু লারমার নেতৃত্বাধীন পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2015, 06:59 PM

Updated : 22 Aug 2022, 01:21 PM

বুধবার রাঙামাটিতে পিসিপি ও পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির জেলা শাখার উদ্যেগে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চুক্তির ১৮ বছরেও এর মৌলিক বিষয়গুলো বাস্তবায়িত না হওয়ায় পার্বত্য জেলা পরিষদগুলো এখন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে।

দলীয়করণ, কায়েমী স্বার্থবাদী দৃষ্টিভঙ্গি, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে জনগণের এ প্রতিষ্ঠান (জেলা পরিষদ) গণবিরোধী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে দাবি করেন বক্তারা।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক পলাশ তঞ্চঙ্গ্যা।

পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি জেলা শাখার সভাপতি টোয়েন চাকমার সভাপতিত্বে সভায় অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন পিসিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি বাচ্চু চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাধারণ সম্পাদক সুপ্রভা চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা কমিটির ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ত্রিজিনাদ চাকমা, হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি কলেজ শাখার সভাপতি আশিকা চাকমা প্রমুখ।

এর আগে একটি বিক্ষোভ-মিছিল জনসংহতি সমিতির জেলা কার্যালয় থেকে শুরু করে বনরুপা চত্বর ঘুরে গিয়ে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।