২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালীয় হত্যা: তদন্তে সহায়তায় ডিবির ১১ সদস্য

গুলশানে কূটনীতিকপাড়ায় ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লাকে হত্যার ঘটনা তদন্তে পুলিশের গঠন করা কমিটিকে সহায়তার জন্য ১১ সদস্যের একটি দল গঠন করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2015, 06:10 PM

Updated : 22 Aug 2022, 01:21 PM

এ হত্যাকাণ্ড তদন্তে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলামকে প্রধান করে এক সদস্যের যে কমিটি করা হয়েছে তাকে সহায়তা করতে পুলিশের বিভিন্ন ইউনিটের বাছাই করা কর্মকর্তাদের সমন্বয়ে তদন্ত সহায়তা টিম গঠন করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে।

মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহানগর গোয়েন্দা শাখার ডিসি মাহবুব আলমের সমন্বয়ে ১১ সদস্যের তদন্ত সহায়তা দল গঠন করা হয়েছে।এতে একজন উপকমিশনার ও চারজন অতিরিক্ত উপকমিশনার রয়েছেন।

সহায়তা দলের সদস্যরা দ্রুততম সময়ে অপরাধীদের শনাক্ত করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এছাড়া সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল হায়দারকে প্রধান করে গঠন করা আরেকটি দলও এই হত্যাকাণ্ডের তদন্তে সহায়তা করবে বলে মঙ্গলবার রাতে পুলিশ সদর দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে নেদারল্যান্ডসভিত্তিক এনজিও আইসিসিও কো-অপারেশনের কর্মকর্তা তাভেল্লাকে হত্যার পর রাতেই নিহতের সহকর্মী হেলেন ভেন্দার বিক অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মঙ্গলবার দুপুরে এ মামলা তদন্তের দায়িত্ব পায় মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)।

তাভেল্লা খুন হওয়ার কয়েক ঘণ্টা পরে ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’ নামে জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী একটি ওয়েবসাইটে বলা হয়, ইসলামিক স্টেট (আইএস) গুলশানের এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।

অস্ট্রেলিয়া ক্রিকেট দল ঢাকায় জঙ্গি হামলার হুমকির কথা জানিয়ে সফর পেছানোর দুই দিনের মাথায় ঢাকার অভিজাত এলাকায় এই হত্যাকাণ্ড ঘটানো হয়।  

অস্ট্রেলিয়ার পর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রও একই ধরনের আশঙ্কা প্রকাশ করে বাংলাদেশে তাদের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে।

পুরনো খবর:

ইতালীয়কে হত্যা: তদন্ত করবে ডিবি
ইতালীয়কে হত্যা: তদন্ত কমিটি গঠন