‘রাজাকার’ ৩ ভাইয়ের বিচার শুরু
যুদ্ধাপরাধের চার ঘটনায় অভিযোগ গঠনের মধ্যে দিয়ে হবিগঞ্জের দুই সহোদর ও তাদের এক চাচাত ভাইয়ের বিচার শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার বিচারপতি মো. আনোয়ারুল হক নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য শুরুর জন্য ২১ অক্টোবর দিন ঠিক করে দিয়েছে।
তিন আসামি হলেন- বানিয়াচং উপজেলার মহিবুর রহমান বড় মিয়া, তার ছোট ভাই মুজিবুর রহমান আঙ্গুর মিয়া এবং তাদের চাচাত ভাই আব্দুর রাজ্জাক।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় চারটি ঘটনায় হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ধর্ষণের মতো অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
নিয়ামানুযায়ী অভিযোগ গঠনের আগে আসামিদের তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়।
আদালতের বক্তব্যের মূল অংশ পড়ে শোনান বিচারপতি আনোয়ারুল হক। কিন্তু আসামিরা ইংরেজি বক্তব্য না বোঝার কথা জানালে বিচারপতি মো. শাহিনুর ইসলাম বাংলায় অভিযোগ পড়েন।
ট্রাইব্যুনালের তৃতীয় বিচারক হিসাবে রয়েছেন বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দী।
প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন ও আসামিপক্ষের আইনজীবী মাসুদ রানা এসময় আদালতে ছিলেন।
আসামিদের মধ্যে মহিবুর রহমান ওরফে বড় মিয়া (৬৫) হবিগঞ্জের বানিয়াচং উপজেলাধীন খাগাউড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তার ভাই মুজিবুর রহমান আঙ্গুর মিয়া (৬০) বর্তমান চেয়ারম্যান।
দুই ভাইয়ের বিরুদ্ধে ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি তদন্ত শুরু হয়ে এবছরের ২৮ এপ্রিল শেষ হয়। তদন্তের সময় ২১ জনের বক্তব্য শোনেন তদন্ত কর্মকর্তা।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় খাগাউড়া গ্রামে নেজামে ইসলামের এমএনএ সৈয়দ কামরুল আহসানের বাড়িতে রাজাকার ক্যাম্প ও টর্চার সেল ছিল।
তাদের বড় ভাই কলমধর ছিলেন খাগাউড়া ইউনিয়ন শান্তি কমিটির চেয়ারম্যান এবং ছোট ভাই মোস্তফা রাজাকার কমান্ডার ছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
গত ১০ ফেব্রুয়ারি বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ প্রসিকিউশনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে দুই সহোদরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
ট্রাইব্যুনালের আদেশের পর ওইদিনই রাতেই বানিয়াচং থেকে তাদের গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। ১২ ফেব্রুয়ারি তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
অন্যদিকে গত ১৭ মে গ্রেপ্তারি পরোয়ানা জারির দুইদিন পর ১৯ মে মহিবুর-মুজিবুরের চাচাত ভাই রাজ্জাককে মৌলভীবাজারের আথানগিরি পাহাড় থেকে গ্রেপ্তার করা হয়।
একইদিন ট্রাইব্যুনালে তিনজনকে আসামি করে অভিযোগপত্র দেয় প্রসিকিউশন।
প্রথম অভিযোগে বলা হয়, একাত্তর সালের ১১ নভেম্বর বানিয়াচং উপজেলায় অভিযান চালিয়ে মুক্তিযোদ্ধা আকল আলী ও রজব আলীকে হত্যা করে লাশ গুম করে আসামিরা।
দ্বিতীয় অভিযোগে বলা হয়, তারা পাকিস্তানি বাহিনীকে সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের সংগঠক মেজর জেনারেল এমএ রবের বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও লুটতরাজ করে।
তৃতীয় অভিযোগে বলা হয়, একই দিন খাগাউড়া এলাকার উত্তরপাড়ায় আসামিদের সহযোগিতায় পাকিস্তানি বাহিনী মঞ্জব আলীর স্ত্রী ও আওলাদ ওরফে আল্লাত মিয়ার ছোট বোনকে ধর্ষণ করে। পরে আল্লাত মিয়ার বোন বিষপানে আত্মহত্যা করেন।
চতুর্থ অভিযোগে বলা হয়, একাত্তর সালের ভাদ্র মাসের যে কোনো একদিন আনছার আলীকে বাড়ি থেকে ধরে নিয়ে রাজাকার ক্যাম্পে নিয়ে নির্যাতন চালায় আসামিরা। ওই নির্যাতনে পঙ্গু হন আনছার আলী।
২০০৯ সালে শহীদ মুক্তিযোদ্ধা আকল মিয়ার স্ত্রী ভিংরাজ বিবি হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই তিনজনসহ মোট ছয়জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা করেন। পরে মামলাটি ট্রাইব্যুনালে আসে।
