হবিগঞ্জে মানবতাবিরোধী অপরাধে ২ ভাই গ্রেপ্তার
একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে উপজেলার ইমামবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কুমুরশামা গ্রামের বাসিন্দা মহিবুর রহমান বড় মিয়া ও তার ছোট ভাই বর্তমান ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান আঙ্গুর মিয়া।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুদুর রহমান জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মহিবুর রহমান বড় মিয়া ও মজিবুর রহমান আঙ্গুর মিয়া এলাকায় রাজাকার বাহিনী গড়ে তোলেন। তাদের বিরুদ্ধে আকল মিয়া ও রজব আলী নামে দুই মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগ রয়েছে।
এছাড়া মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক মেজর জেনারেল এম এ রবের বাড়িতে পাক বাহিনীর সহযোগিতায় অগ্নিসংযোগ ও লুটতরাজ করে তারা।
এএসপি মাসুদুর রহমান আরও জানান, এসব অভিযোগে ২০০৯ সালে মুক্তিযোদ্ধা আকল মিয়ার স্ত্রী ভিংরাজ বিবি হবিগঞ্জ বিচারিক হাকিম আদালতে তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে মামলা দায়ের করেন।
পরে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয় বলে জানান তিনি।
