তিন রাজাকারের বিরুদ্ধে অভিযোগপত্র
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক হবিগঞ্জের দুই সহোদরসহ তিন জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন।
এরা হলেন- বানিয়াচং উপজেলার মহিবুর রহমান বড় মিয়া, তার ছোট ভাই মুজিবুর রহমান আঙ্গুর মিয়া ও আব্দুর রাজ্জাক।
তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হবে কি না- সে বিষয়ে আদেশ দেওয়ার জন্য আগামী ২৫ মে দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রোববার এ আদেশ দেয়।
এসময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও তাপস কান্তি বল।
গত ২৯ এপ্রিল প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ মে’র মধ্যে অভিযোগ দাখিলের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।
এর আগে ২৮ এপ্রিল এ দুই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
গ্রেপ্তারকৃত মহিবুর রহমান ওরফে বড় মিয়া (৬৫) হবিগঞ্জের বানিয়াচং উপজেলাধীন খাগাউড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তার ভাই মুজিবুর রহমান আঙ্গুর মিয়ার (৬০) ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।
তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের চারটি ঘটনায় হত্যা, অপহরণ, আটক নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ধর্ষণের অভিযোগ এনেছে তদন্ত সংস্থা।
গ্রেপ্তারকৃত এই দুই ব্যক্তির বিরুদ্ধে ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি তদন্ত শুরু হয়ে এবছরের ২৮ এপ্রিল তা শেষ হয়। এতে ২১ জন সাক্ষীর জবানবন্দি নেয় তদন্তকারী কর্মকর্তা।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের সময় বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামে নেজামে ইসলামের এমএনএ সৈয়দ কামরুল আহসানের বাড়িতে রাজাকার ক্যাম্প ও টর্চার সেল ছিল।
মহিবুর রহমান বড় মিয়া ও মুজিবুর রহমান আঙ্গুর মিয়ার বড় ভাই কলমধর ছিলেন খাগাউড়া ইউনিয়নের শান্তি কমিটির চেয়ারম্যান এবং ছোট ভাই মোস্তফা রাজাকার কমান্ডার ছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
গত ১০ ফেব্রুয়ারি বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ প্রসিকিউশনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে মহিবুর রহমান বড় মিয়া ও মুজিবুর রহমান আঙ্গুর মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
ট্রাইব্যুনালের আদেশের পর ওইদিনই রাতেই বানিয়াচং থেকে তাদের গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ।
১২ ফেব্রুয়ারি তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। ওইদিন ট্রাইব্যুনালে তাদের হাজির করতে ২৪ ঘণ্টার বেশি সময় নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে ট্রাইব্যুনাল। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
