ফেনীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
ফেনীর দাগনভূঁইয়ায় বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাসের ১০ যাত্রী আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান দাগনভূঁইয়া থানার ওসি মো. আসলাম।
নিহতরা হলেন দাগনভূঁইয়ার চাঁনপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে ইমাম হোসেন সুজন (২৫), বুলবুল আহমদের ছেলে মো. রকি (২৫) ও কামরুল ইসলামের ছেলে মেজবাহ-উল হক পন্নী (২৫)।
ওসি আসলাম বলেন, সন্ধ্যা ৬টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কে দাগনভূঁইয়ার মাতুভূঁইয়া এলাকায় ফেনী থেকে নোয়াখালীগামী সুগন্ধা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।
“এতে মোটরসাইকেলের তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হন।”
ওসি জানান, একজনের লাশ দাগনভূঁইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দুজনের লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আহত বাসযাত্রীদের দাগনভূঁইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
